কারখানার বর্জ্য শোধনাগারে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে একটি কারখানার বর্জ্য শোধনাগারের (ইটিপি) পানির আধারে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫৫)। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার বুইতামারি গ্রামে। তিনি সাভারের পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের ইটিপির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ইসমাইল গতকাল সকাল নয়টার দিকে পাকিজা ডাইং অ্যান্ড প্রিণ্টিং ইন্ডাস্ট্রিজের ইটিপিতে কর্মরত অবস্থায় পা ফসকে পানির আধারে পড়ে তলিয়ে যান। শ্রমিকেরা তাঁকে উদ্ধারে ব্যর্থ হয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দুই ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে তাঁরা বিষয়টি ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়কে জানান।
ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দুপুর সোয়া একটার দিকে ইসমাইলের লাশ উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, কারখানাটির ইটিপিতে ১০ বর্গ ফুটের আটটি পানির আধার রয়েছে। এর প্রায় সবকটি ৩০ থেকে ৩৫ ফুট গভীর। ইসমাইল পা ফসকে এর একটিতে পড়ে যান।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বলেন, ইসমাইলের মৃত্যু নিছক দুর্ঘটনা। এরপরও তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।