কারখানার বর্জ্যে দুর্বিষহ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাই উত্তরপাড়ার আবদুল মতিন ওরফে লাবু শেখ ও হািজ কোরাইশের এসকে মার্চরাইজ মিলের বর্জ্যে লালচে হয়ে গেছে জলাশয়ের পানি l প্রথম আলো
তামাই উত্তরপাড়ার আবদুল মতিন ওরফে লাবু শেখ ও হািজ কোরাইশের এসকে মার্চরাইজ মিলের বর্জ্যে লালচে হয়ে গেছে জলাশয়ের পানি l প্রথম আলো

পুকুর ও ডোবার পানি কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। নলকূপের পানি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। খাওয়ার পানি আনতে হচ্ছে আশপাশের গ্রাম থেকে। লোকজন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে ৭ মে গিয়ে মানুষের বসবাসের এ চিত্র দেখা গেছে।
পাঁচটি সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানার (স্পিনিং মিল) বর্জ্য পুকুর, জলাশয় ও নলকূপে িমশে ওই এলাকার বাসিন্দাদের ২০ বছর ধরে ভোগাচ্ছে। পরিবেশ আইনে বাধ্যবাধকতা থাকলেও কারখানায় বর্জ্য শোধনাগার (ইটিপি) করেননি মালিকেরা।
সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মো. আবুল ফারেজ বলেন, ‘সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্যমিশ্রিত পানি শরীরে লাগলে চর্মরোগ এবং পান করলে ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগ হয়।’
তামাই গ্রামে ছয়টি সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানা আছে। এর মধ্যে ইটিপি আছে মাত্র একটিতে, অন্য পাঁচটিতে নেই৷ এগুলো হচ্ছে তামাই দক্ষিণ পাড়া গ্রামের আলী আকবরের মেসার্স তুহিন মার্চরাইজ মিল, তামাই নতুন পূর্ব পাড়া গ্রামের হিরন মুন্সির মেসার্স মুিন্স ব্রাদার্স মার্চরাইজ অ্যান্ড প্রসেস মিল, আবদুল মতিন সরকারের মেসার্স বিজলী মার্চরাইজ মিল, তামাই উত্তর পাড়ার আবদুল মতিন ও হািজ কোরাইশের এসকে মার্চরাইজ মিল, কুলিয়াপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেসার্স নিপা মার্চরাইজ অ্যান্ড প্রসেস মিল। ইটিপি আছে শুধু আজিজ সরকারের মেসার্স এসআর মার্চরাইজ মিলে।
আজিজ সরকার জানান, দুই বছর আগে তিনি বিবেকের তাড়নায় ৩০ লাখ টাকা খরচ করে ইটিপি স্থাপন করেন। তিিন বলেন, ‘সুতাগুলো প্রথমে ডিটারজেন্ট ও কস্টিক দিয়ে ধোয়া হয়। দ্বিতীয় ধাপে সাবান, হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে বয়লারে ঢোকানো হয়। সেখান থেকে বের করার পর ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া হয়। এরপর এগুলো অ্যাসিড দিয়ে ধোয়া হয়। পরে আবার এগুলো ডিটারজেন্ট দিয়ে ধোয়া হয়। শেষে সাদা পানিতে ধোয়া হয়। আর এসব বর্জ্য পাইপ দিয়ে সরিয়ে দেওয়া হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম জানান, সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে বের হওয়া বর্জ্যে হাইড্রোজেন পার-অক্সাইড, সোডিয়াম হাইডো-অক্সাইডসহ বিভিন্ন উপাদান থাকে। দীর্ঘদিন ধরে এসব উপাদানমিশ্রিত পানি জলাশয়ে ফেলা হলে পানির অক্সিজেনসহ সব উপাদান নষ্ট হয়ে যায়। এ রকম পানি ব্যবহার করলে মানুষও ক্ষতিগ্রস্ত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তবিবুর রহমান তালুকদার জানান, সুতা প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্যে জলাশয়, নলকূপ ও ভূগর্ভস্থ পানি দূষিত হয়।
সরেজমিনে মেসার্স তুহিন মার্চরাইজ মিলে দেখা গেছে, কারখানার বয়লার থেকে পাইপ দিয়ে বর্জ্য ১০০ গজ দূরের একটি পুকুরে ফেলা হচ্ছে। এতে আলতাফ হোসেনের ৩০ শতাংশ, করিম মোল্লার ৩২, মোহাম্মদ আলীর ১২, খোকন খাঁর ১৪, মোজাম খাঁর ৩৬, জহুরুল ইসলামের ১০, মজিদের ১৪, আমজাদ হোসেনের ১০ শতাংশ জমির পুকুর ও জলাশয়ের পানি নষ্ট হয়ে গেছে। এলাকার শাহীন খান জানান, নলকূপের পানি দিয়ে গোসল করার পর আধা ঘণ্টা পর্যন্ত গা চুলকায়, ফুলে যায়। তাঁর তিন মেয়েরই চর্মরোগ হয়েছে। একই এলাকার খোকন খান জানান, ১৮ বছর ধরে পাশের এলাকার নলকূপ থেকে পানি এনে পান করতে হচ্ছে। তিন বছরে দুবার ঘরের বেড়া ও চালের টিন পরিবর্তন করেছেন।
আলী আকবর দাবি করেন, তিনি কারখানার বর্জ্য নিজের পুকুরে ফেলেন।
২৩ এপ্রিল গিয়ে দেখা গেছে, মেসার্স মুিন্স ব্রাদার্স মার্চরাইজ অ্যান্ড প্রসেস মিলের বর্জ্য পাইপের মাধ্যমে পাশের একটি জলাশয় এবং পাম্প দিয়ে ভূগর্ভে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কারখানার মালিক হিরন মুন্সি প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। হিরন মুিন্সর ছোট ভাই মোহাম্মদ আলী মুন্সি দাবি করেন, তাঁরা বর্জ্য পাশের একটি পুকুরে ফেলছেন। পাম্প দিয়ে ভূগর্ভে বর্জ্য ছড়াচ্ছেন না।
এসকে মার্চরাইজ মিলের বর্জ্য এলাকার ৫০ বিঘা নিচু জমিতে ফেলা হচ্ছে। এসব জমিতে ফসল আবাদ বন্ধ রয়েছে। আবদুল মতিন জানান, তিনি আগামী বছর কারখানা বন্ধ করে দেবেন। এ কারণে ইটিপি স্থাপন করেননি।
৭ মে গিয়ে দেখা গেছে, মেসার্স নিপা মার্চরাইজ অ্যান্ড প্রসেস মিলের বর্জ্য নিজের পুকুরে ফেলা হচ্ছে। তবে পুকুর উপচে সেই বর্জ্য রাস্তার নালা দিয়ে দুই পাশের খালে গিয়ে পড়ছে। এতে কমপক্ষে ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার নইমুদ্দীন মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। মাঝেমধ্যে সাইদুল ইসলাম আমাদের সাহায্য-সহযোগিতা করেন। এ কারণে আমরা প্রতিবাদ করি না।’
তামাই গ্রামের গ্রাম্য চিকিৎসক আবদুর রাজ্জাক জোয়ার্দার বলেন, এই এলাকায় বর্ষাকালে চর্মরোগ, ডায়রিয়া ও আমাশয়ের রোগী বেড়ে যায়। কারণ, ওই সময় কারখানার বর্জ্যের পানি এলাকার সব জলাশয়ে ছড়িয়ে পড়ে।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, ‘যাঁরা ইটিপি নির্মাণ করেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট কর্মকর্তাকে নিয়োগ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।’
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, তিনি ওই কারখানাগুলো লোকালয় থেকে একটি স্থানে সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠাবেন।