কারখানার বর্জ্যে ধাত্রী নদীর পানি দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানার বর্জ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধাত্রী নদীর পানি কালো হয়ে গেছে। মাছসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী মরে ভেসে উঠছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। পানি ব্যবহারের কারণে গ্রামবাসীর অনেকের শরীরে চর্মরোগ দেখা দিয়েছে।সরেজমিনে নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করতে গেলে এলাকাবাসী জানান, নদীর পানি ব্যবহার করতে তারা ভয় পাচ্ছেন। বালিয়াপাড়া গ্রামের মাছের খামারি শামসুল হক জানান, শুষ্ক মৌসুমে তাঁর মাছের খামারে ধাত্রী নদীর পানি নেওয়া হয়। এই পানি ব্যবহারের কারণে তাঁর খামারের মাছ মরে ভেসে উঠেছে।একই গ্রামের কৃষক রেজাউল করিম সরকার জানান, নদীর পানিতে গরুকে গোসল করাতে গিয়ে তাঁর চর্মরোগ হয়েছে। গরুর চামড়ায় ফোসকা পড়ে ঘা হয়েছে। এখন গরুর সঙ্গে তাঁকেও চিকিৎসা নিতে হচ্ছে।আরেক কৃষক কাজল মিয়া নদীর পানি দিয়ে টমেটো খেতে সেচ দিয়েছিলেন। টমেটোর চারা সবুজ রং থেকে খয়েরি বর্ণ হয়ে গেছে। কৃষক রতন ফকির জানান, দুই পাড়ের বীজতলায় নদীর পানি ব্যবহারে ধানের চারা সবুজ বর্ণ থেকে লালচে হয়ে মারা যাচ্ছে। জেলে শরিফ আহমেদ ধাত্রী নদীর মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গত দুই দিন ধরে নদীতে মাছ মরে ভেসে উঠতে দেখছেন তিনি। শরিফ জানান, জালে মাছ ওঠানোর সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। পানিতেও বেশিক্ষণ থাকা যাচ্ছে না।নদীর পাড়ের বাসিন্দা ও গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের শিক্ষার্থী ফেরদৌস বিন ইদ্রিস জানান, নদীর পানি কালো হয়ে গেছে। দুই দিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।বরমি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিন শেখ জানান, শ্রীপুরের নয়নপুর ৭০ কিলোমিটার দূরে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ির বিভিন্ন কলকারখানার বর্জ্য নদীতে পড়ে পানি দূষিত হয়ে পড়েছে। বিষয়টি শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে।শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ধাত্রী নদীর গোলাঘাট রাবার ড্যাম দিয়ে সেচের মাধ্যমে আশপাশের কমপক্ষে ৫০০ একর জমিতে ফসল উৎপাদন করা হয়। কৃষি পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দূষণের ব্যাপারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।