কারখানার বর্জ্যে বীজতলা নষ্ট হওয়ার অভিযোগ, কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় একটি কারখানার বর্জ্যমিশ্রিত পানিতে বোরো ধানের বীজতলা নষ্ট হওয়ার অভিযোগ তুলে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকেরা।ভরাডোবা এলাকার কয়েক শ কৃষক গতকাল রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই কারখানার সামনে বিক্ষোভ করেন। ভরাডোবা থেকে কারখানা সরিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা। এ সময় উত্তেজিত কৃষকেরা কারখানার পানি নিষ্কাশন পাইপের বেশ কিছু অংশ ভেঙে ফেলেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন ভরাডোবার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের বর্জ্যমিশ্রিত পানি হাফানিয়া খালে পড়ে। এ পানি উপজেলার ভরাডোবা ও মল্লিকবাড়ী ইউনিয়নের ভরাডোবা, পশ্চিম পুরুড়া, হুগলিকান্দা, ভান্ডাব, পাথরখালী ও চাপড়বাড়ী গ্রামের কেচোরগুনা বিল, কুড়িকাঠা বিল, হাইড়া বিল, ভালুকজানি ও মালইন্দা বিলে ছড়িয়ে পড়ছে। কৃষকদের দাবি, এতে ওই এলাকার বোরো ধানের বীজতলার বেশির ভাগ চারা মরে যাচ্ছে। এলাকার কয়েক শ একর বোরো জমিতে বোরো আবাদ করা নিয়ে সংশয়ে পড়েছেন কৃষকেরা। এ নিয়ে এলাকাবাসী বারবার কারখানা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনকে জানালেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আওয়াল সরকার জানান, কারখানার বর্জ্যমিশ্রিত পানির কারণে এলাকার ৪০০ থেকে ৫০০ একর জমিতে আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই সহস্রাধিক কৃষক বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।এক্সপেরিয়েন্স মিলের প্রশাসনিক কর্মকর্তা রফিক হাসান দাবি করেন, তাঁদের কারখানায় বর্জ্য পরিশোধনাগার চালু আছে। মিলের পানি পরীক্ষিত। কারখানার নিষ্কাশিত পানির কারণে চারা নষ্ট হওয়ার কোনো কারণ নেই।ভালুকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মোহাম্মদ আলী জানান, ক্ষতিগ্রস্ত ধানের চারা দেখতে আজ সোমবার তিনি ওই এলাকা পরিদর্শন করবেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি আরও জানান, আইনি সীমাবদ্ধতা থাকায় এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ভালো ভূমিকা নিতে পারে।