কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন, লোকসান
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে এম এইচ জুট মিলস লিমিটেড নামের সুতা ও রশি তৈরির একটি কারখানার বিদ্যুতের সংযোগ পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার কারণে কারখানাটির সংযোগ কেটে দেওয়া হয়েছে।
বিদ্যুতের সংযোগ কেটে দেওয়ার কারণে গত শনিবার থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকে। গতকাল বুধবার দুপুরের পর কারখানাটির নিজস্ব ব্যবস্থাপনায় গ্যাস দিয়ে উৎপাদন শুরু হয়েছে।
তবে কারখানাটির মহাব্যবস্থাপক (ক্রয়) মো. কুদ্দুস-উল-আলম বলেন, ‘এভাবে কত দিন চলবে তা বলা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে যেকোনো মুহূর্তে কারখানা বন্ধ হবে। এর ফলে এখানে কর্মরত আট শতাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেতন-ভাতা থেকে বঞ্চিত হবেন।’
কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, পাট থেকে সুতা ও রশি তৈরির ওই কারখানায় আগাম নোটিশ ছাড়াই শনিবার বিদ্যুতের সংযোগ কেটে দেয় গোড়াই পল্লী বিদ্যুৎ কার্যালয় কর্তৃপক্ষ। এরপর উৎপাদন বন্ধ হওয়ায় প্রতিদিন কারখানাটির ব্যবস্থাপনার জন্য কমপক্ষে ২ লাখ ৬৯ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
কারখানাটির মহাব্যবস্থাপক (ক্রয়) মো. কুদ্দুস-উল-আলম গতকাল প্রথম আলোকে বলেন, কারখানা থেকে প্রতি মাসে ১ লাখ ২৬ হাজার টাকা ন্যূনতম বিদ্যুৎ বিল দেওয়া হয়। গত মার্চেও তা পরিশোধ করা হয়। এরপরও কোনো লিখিত বা মৌখিক নোটিশ ছাড়াই বিদ্যুৎ কর্তৃপক্ষ কারখানার সংযোগ কেটে দেয়।
জানতে চাইলে গোড়াই পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, কারখানাটি সম্প্রসারণের জন্য ক্রয় করা জায়গায় মাটি ভরাটের কাজ চলছে। এ কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার আটকে ছিঁড়ে যাওয়ায় শনিবার কারখানাসহ আশপাশের আরও প্রায় ৩০ জন আবাসিক গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়। ওই দিন বিদ্যুৎ-সংযোগ চালু করলে আবার তা বন্ধ হয়। দ্বিতীয়বার বন্ধ হওয়ার পর কারণ খুঁজতে কারখানার ভেতরে পল্লী বিদ্যুৎ কর্মীদের ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তবে কারখানাটির মহাব্যবস্থাপক এ অভিযোগ অস্বীকার করেন।