কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত আট গ্রাম
সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পনগরে সুতা রং করার একটি কারখানা (প্রসেস মিল) থেকে নির্গত বিষাক্ত বর্জ্য আটটি গ্রামে ছড়িয়ে পড়ছে। বর্জ্যমিশ্রিত পানির কারণে এলাকার শতাধিক একর জমিতে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। স্থানীয় কোলার বিলে ১০ বছর ধরে মাছ পাওয়া যায় না।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বর্জ্য থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাস বাতাসে ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। বর্জ্যমিশ্রিত পানির সংস্পর্শে এসে মানুষ ও গবাদিপশু বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। মিলমালিকের দাবি, বিসিক কর্তৃপক্ষ নালা (ড্রেন) করে না দেওয়ায় তাঁরা বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ করতে পারছেন না। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় লোকজন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকা ঘুরে দেখা গেছে, এই স্থানে ১৭টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রসেস মিল রয়েছে। এর একটি বন্ধ থাকলেও ‘একতা প্রসেস মিল’টি চালু আছে। এই কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের জন্য পাইপ বসিয়ে ৫০০ মিটার দূরে দুটি পুকুরে ফেলা হচ্ছে।বিষাক্ত রঙিন বর্জ্যমিশ্রিত পানি শিয়ালকোল ইউনিয়নের বিলধলি, ক্ষুদ্র শিয়ালকোল, শিয়ালকোল, সারটিয়া, আড়িয়ামোহন, চরপাড়া, রঘুনাথপুর, কোলার বিলে পড়ায় এই এলাকাগুলো বিষাক্ত হয়ে পড়ছে। ১০ বছর ধরে এই কোলার বিলে মাছ পাওয়া যায় না বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন। আর বর্ষায় বিল উপচে বর্জ্যমিশ্রিত পানি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আশপাশের খালবিল, নদীনালায় মাছের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের বাসিন্দা কৃষক জহুরুল ইসলাম অভিযোগ করেন, পুকুরে বিষাক্ত পানি জমা করার পর রাতের আঁধারে পুকুরের পার কেটে সেই পানি বের করে দেওয়া হয়। এই পানি বিলের পানির সঙ্গে মিশে যাচ্ছে। জমিগুলোতেও ছড়িয়ে পড়ছে।ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের আসলাম খন্দকার বলেন, ‘বর্জ্যের পানির বিলে মিশে যাওয়ায় ১০ বছর ধরে একটি মাছ পর্যন্ত পাচ্ছি না। মাছ থাকা দূরের কথা এই পানিতে কোনো পোকামাকড়ও থাকে না। সব কিছু মরে যাচ্ছে। আবাদি জমিতে সরিষা, পাট, ধান আবাদ করলে রাতের আঁধারে পানি আসায় সব মরে যাচ্ছে।’শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান আলী আকন্দ বলেন, এই বর্জ্য থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাস বাতাসে মিশে ঝাঁজালো গন্ধ ছড়ায়। এ সময় শ্বাস নিতে সমস্যা হয়। বর্জ্য অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিভিল সার্জনকে পত্র দেওয়া হয়েছে। মিলের মালিক আবদুর রাজ্জাক বলেন, ‘বর্জ্য পরিশোধনাগার নির্মাণে রাজি আছি। বিসিকে ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় শোধনাগারের পানি নিষ্কাশনের কোনো পথ নেই। এ বিষয়ে আমরা একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি। কিন্তু তাঁরা কোনো সমাধান দিতে পারেননি।’ তিনি দাবি করেন, তাঁরা বর্জ্যমিশ্রিত পানি পুকুরে ফেলছেন। শুধু বর্ষায় এই পানি বাইরে যায়। কে বা কারা পুকুরের পার কেটে দিয়ে তাঁদের বিপদে ফেলতে চাইছে। বিসিকের সহকারী মহাব্যবস্থাপক বিজন বিহারী গোলদার জানান, বিষয়টি সুরাহার জন্য নর্দমা নির্মাণ করাসহ আনুষঙ্গিক কাজের একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয় এটি অনুমোদন দেয়নি। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘সিরাজগঞ্জে যেসব প্রসেস মিল চলছে, আমার জানামতে, সেসবের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই।’ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী জানান, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়ে নজরদারি রাখা হয়েছে।