কারখানার বয়লার বিস্ফোরণ, নিহত ১
মুন্সিগঞ্জের সদর উপজেলার বাগবাড়ী এলাকায় একটি কারেন্ট জাল তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে এক কর্মচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
গত সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। এতে জেলা সদর প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে।
নিহত কর্মচারীর নাম সজীব ব্যাপারী (২৬)। তাঁর বাড়ি উপজেলার গোসাইবাগ গ্রামে। রাতেই তাঁর লাশ দাফন করা হয়।
আহত চারজন হলেন গোসাইবাগ গ্রামের ইউসুফ, মরিয়ম, আমান ও দেলোয়ার। তাঁরা স্থানীয় জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোসাইবাগ গ্রামের গোলাম মোস্তাফার শাওবান ফাইবার কারখানার বয়লারে সোমবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। এ ছাড়া বয়লারটি উড়ে গিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে খুঁটিটি পাশের বাড়িতে পড়ে। এতে ওই বাড়ির চারজন আহত হন।
বিস্ফোরণের এ ঘটনার পর জেলা সদর বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরে আবার বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ছয় মাস আগেও কারখানার মালিক গোলাম মোস্তাফাকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ গ্রেপ্তার করে পুলিশ। তখন তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে তিনি কারাগার থেকে বের হন।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও গোলাম মোস্তাফার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সিগঞ্জ সদর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেখ মানোয়ার মোর্শেদ বলেন, বয়লারটি ৩৩ হাজার বোল্টের তারে আঘাত করায় তারসহ খুঁটি উপড়ে যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘বিকট শব্দ শুনে রাতেই আমরা দুর্ঘটনাস্থলে যাই। কিন্তু একজন নিহত হওয়ার খবর আমাদের কাছে গোপন করা হয়। এরপর আমরা থানায় ফিরে এলে তাড়াহুড়া করে ওই শ্রমিককে গোসাইবাগ কবরস্থানে দাফন করা হয়। সকালে আমরা এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই।’ এ ঘটনায় সজীবের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।