কারখানার বয়লার বিস্ফোরণে নিহত ২, আহত ৫৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে আরও ৫৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামে সাবেক ইউপি সদস্য মোস্তফা মিয়ার মালিকানাধীন মেসার্স সোহাগ অটো রাইস মিলে গতকাল দুপুরে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার হিসাবরক্ষক মাহাবুব হোসেন (২৭) ও কারখানার ধান নিয়ে আসা নৌকার মালিক আজিজুল হক (৪০) নিহত হন। গুরুতর আহত হন কারখানার শ্রমিক হাসান মিয়া (৩৭), দুই নারী শ্রমিকের তিন শিশুসন্তান জিদান (৩), জুলিহা আক্তার (৩), জাহিদুল ইসলামসহ (২) কমপক্ষে ৫৫ জন আহত হন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক মোস্তফা মিয়ার শাস্তির দাবিতে স্থানীয় লোকজন কারখানা এলাকায় দফায় দফায় বিক্ষোভ করে।
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, দুই বছর আগেও এ কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। এরপরে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই আবারও এ ধরনের ঘটনা ঘটল।
গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সোহরাব মিয়া ও বাদল হোসেন জানান, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মোস্তফা মিয়া অটো রাইস মিল নির্মাণ করেছেন। এতে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
মেসার্স গাউছিয়া অটো রাইস মিলের মালিক মোস্তফা মিয়া জানান, কারখানা চলাকালে হঠাৎ করে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে।
ইউএনও আবু নাছের ভুঁঞা বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উৎপাদন চালিয়ে যাচ্ছে। দুই মাস আগে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।