কারখানার ভবনের ছাদ ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর নগরের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার পুরাতন ভবনের ছাদ ধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হান্নান মিয়া (৩২)। তাঁর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার শরিয়তপুরে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে চারটার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার চারতলা ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় ছাদ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পাশেই সাইফুল ইসলামের দুইতলা টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ওই বাড়ির চারজন ভাড়াটিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন হান্নান মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত দাউদ মিয়া, মুজিবুর রহমান ও রুজিনা আক্তারকে কোনাবাড়ীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেছে।
এ ব্যাপারে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানায় গেলে নিরাপত্তা-কর্মীরা সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেয়। তাই কারখানার কোনো কর্মকর্তার সঙ্গে কথা কথা বলা যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাসিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, হান্নান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।