কারখানার মালিক ও সহযোগীদের আটক করে প্রহার!
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ডাকাত আখ্যা দিয়ে একটি নিটিং কারখানার মালিক ও তাঁর সহযোগীদের বেদম প্রহার করার অভিযোগ উঠেছে। দুই ঘণ্টা পর খবর পেয়ে পুলিশ নির্যাতনের শিকার নিটিং কারখানার মালিক ও তাঁর সহযোগীদের উদ্ধার করে। গতকাল শুক্রবার দুপুরে সস্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলো সস্তাপুর এলাকার মৃত আলেকচানের ছেলে মিজান ও আরব আলীর ছেলে রফিকুল। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার সাংবাদিকদের জানান, ঢাকার বংশাল নাজিরাবাজার এলাকার জুয়েল শেখ কয়েক মাস আগে একটি নিটিং কারখানা স্থাপনের উদ্দেশ্যে ফতুল্লার সস্তাপুর এলাকায় মিজানের বাড়িতে চার লাখ টাকা অগ্রিম ও মাসিক ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে একটি ফ্ল্যাট ভাড়া নেন। কিন্তু ফ্ল্যাট ভাড়া নেওয়ার কয়েক মাস অতিবাহিত হলেও বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া হয়নি। বাড়ির মালিক মিজানকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ব্যাপারে চাপ দিলে মিজান টালবাহানা করতে থাকেন। পরবর্তী সময়ে স্থানীয়ভাবে সালিস-বৈঠকে বসলে অগ্রিম বাবদ তিন লাখ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল জুয়েল শেখসহ (২৩) তাঁর সহযোগী বিল্লাল হোসেন (২৮), হাওলাদার (২৭) ও আবুল কালাম (২৭) ওই ফ্ল্যাটে নিটিংয়ের মেশিন আনতে গেলে মিজান ও তাঁর সহযোগী রফিকুলসহ অন্যরা তাঁদের ডাকাত আখ্যা দিয়ে ঘরের মধ্যে আটকে প্রহার করেন। পরে খবর পেয়ে দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রহূত জুয়েলসহ অন্যদের উদ্ধার করে।