কারখানার মালিককে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় গত শনিবার রাতে জুবায়ের ক্যাপ ফ্যাক্টরির মালিক গোলাম আজমকে হত্যা করার কথা স্বীকার করেছেন তাঁর ব্যবসায়িক অংশীদার মোস্তফা কামাল। গতকাল সোমবার আদালতে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
আশুলিয়া থানার পুলিশ জানায়, গোলাম আজম ও মোস্তফা কামাল গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একসঙ্গে কারখানায় যান। এর ঘণ্টা খানেক পর মোস্তফা কামাল পাইপ বেয়ে কারখানা ভবন থেকে নেমে যান। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম আজমের গলাকাটা লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোস্তফা কামালকে গ্রেপ্তার করে।
ঘটনার পরদিন নিহত গোলাম আজমের স্ত্রী জুলেখা বেগম আশুলিয়া থানায় মোস্তফা কামালের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশের জিজ্ঞাসাবাদেও মোস্তফা কামাল ব্যবসায়িক অংশীদারকে হত্যার কথা স্বীকার করেন।
মোস্তফা কামালের উদ্ধৃতি দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, অংশীদারত্ব ও লেনদেন নিয়ে গোলাম আজম ও মোস্তফা কামালের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বাগিবতণ্ডার একপর্যায়ে মোস্তফা কামাল সেলাই রেঞ্জ দিয়ে তাঁর ব্যবসায়িক অংশীদার গোলাম আজমের মাথায় আঘাত করেন। ওই আঘাতে গোলাম আজম মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর ছুরি দিয়ে তাঁর গলা কাটেন মোস্তফা। মৃত্যু নিশ্চিত করে তিনি ভেতর থেকে কারখানা বন্ধ করেন। পরে ভবনের পেছন দিকের পাইপ বেয়ে নিচে নামেন। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন তাঁরা।
ওসি জানান, জবানবন্দি শেষে আদালত গতকাল মোস্তফা কামালকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।