কারখানার মালিকদের কাছে জিম্মি চা-চাষিরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-চাষ নিয়ে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের চা-চাষিরা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নষ্ট পাতার অজুহাতে চা-চাষিদের জিম্মি করে ৩০ থেকে ৫০ ভাগ চা-পাতা অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলে পাতা কিনছে না কর্তৃপক্ষ।
কয়েকজন চা-চাষি অভিযোগ করে বলেন, চায়ের বাম্পার উৎপাদনের সুযোগকে পুঁজি করে পঞ্চগড়ের ছয়টি চা-কারখানার মালিকেরা চাষিদের উৎপাদিত লাখ লাখ কেজি কাঁচা চা-পাতা অবৈধভাবে নিয়ে নিচ্ছেন। কারখানাগুলো সিন্ডিকেটের মাধ্যমে চা-চাষিদের জিম্মি করছে। চা-পাতা বিক্রি করতে গেলে কারখানা কর্তৃপক্ষ নষ্ট পাতার অজুহাতে ৩০ থেকে ৫০ ভাগ পাতা কেটে নেয়। চাষিরা আপত্তি করলে কারখানা কর্তৃপক্ষ পাতা নিতে চায় না। গাছ থেকে তুলে পাতা বেশিক্ষণ রাখাও যায় না। ফলে পাতাগুলো হয় ফেলে দিতে হয়, না হলে কারখানার প্রস্তাবে রাজি হতে হয়। ফলে চাষিরা লাভ তো দূরের কথা, উল্টো দেনায় জর্জরিত হয়ে পড়ছেন। চা-কারখানার প্রত্যেককে অরাজকতা করলেও চা-পাতা কর্তনে শীর্ষে রয়েছে করতোয়া চা-কারখানা, নর্থ বেঙ্গল চা-কারখানা ও গ্রীণকেয়ার চা-কারখানা।
তেঁতুলিয়ার কানকাটা এলাকার ক্ষুদ্র চা-চাষি চান মিঞা ও আহসান হাবিব। তাঁরা বলেন, ‘কয়েক দিন আগে একটি চা-কারখানায় ২ হাজার ৫০০ কেজি কাঁচা চা-পাতা বিক্রি করতে গেলে কর্তৃপক্ষ আমাদের মাত্র ১ হাজার ২০০ কেজি চা-পাতার দাম পরিশোধ করে। এতে আমাদের কিছুই করার ছিল না। কারণ, চা-পাতা ফেরত নিলে ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না। কেউ এর প্রতিবাদ করলে তার চা-পাতা ফেরত দেওয়া হয়।’ সদরের চা-চাষি মো. আনিছুর রহমান প্রধান। তিনি নর্থ বেঙ্গল চা-কারখানায় ১ হাজার কেজি চা-পাতা নিয়ে যান। তাঁকে ৫০০ কেজি পাতার দাম দেওয়া হয়। কেন অর্ধেক চা-পাতার দাম দেওয়া হলো এ ব্যাপারে জানতে চাইলে আনিছুর বলেন, কারখানা কর্তৃপক্ষ তাঁকে বলে, এর বেশি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। নইলে পাতা ফেরত নিয়ে যাওয়ার কথা বলা হয়। খাবিরুল নামে এক প্রান্তিক চা-চাষিও ৮০০ কেজি পাতা নিয়ে যান ওই কারখানায়। কিন্তু তাঁর পাতা নেয়নি কারখানা কর্তৃপক্ষ। বাধ্য হয়ে সব পাতা বাড়িতে ফেরত এনে নষ্ট করে দেন খাবিরুল।
রবিউল প্রধান নামে এক চাষি নর্থ বেঙ্গল চা-কারখানা থেকে সুদে ঋণ নিয়ে ৭০ বিঘা চা-বাগান করেছেন। তাঁকে প্রতি মাসে কিস্তিতে টাকা পরিশোধ করতে হচ্ছে। কিন্তু তিনি চা-পাতাই বিক্রি করতে পারছেন না।
নষ্ট পাতার অজুহাতে চা-পাতা কেটে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে নর্থ বেঙ্গল চা-কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবদুর রাজ্জাক এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে বলেন, ‘আমাদের কারখানায় প্রতিদিনের ধারণক্ষমতা মাত্র ৪০ টন। সেখানে পাতা আসে অন্তত দেড় শ টন। বাড়তি পাতা নিতে পারছি না।’ তবে করতোয়া চা-কারখানা পঞ্চগড়ের ব্যবস্থাপক মুজাহেদুল হান্নান চাষিদের কাছ থেকে চা-পাতা কেটে নেওয়ার কথা অস্বীকার করেন। গ্রীণকেয়ার চা-কারখানার ব্যবস্থাপক শামছুদ্দৌহা গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা কারও চা-পাতা কেটে নিই না। কিন্তু আমরা মানসম্মত চা-পাতা কিনে থাকি।’
বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের খামার সহকারী (ফার্ম অ্যাসিস্ট্যান্স) জায়েদ ইমাম সিদ্দিকী বলেন, ‘কাঁচা চা-পাতা কেটে নেওয়ার ব্যাপারে সরকারি কোনো নিয়ম নেই। এ ব্যাপারে কারখানা মালিকদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু তাঁরা শুনছেন না।’