কারখানার যন্ত্র বিক্রির টাকায় শ্রমিকদের বকেয়া পরিশোধ!
চট্টগ্রামের সিঙ্ক অ্যাপারেলস নামের পোশাক তৈরির একটি কারখানার যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে কমিটি করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তিন মাসের বেতন না দিয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় গতকাল বুধবার রাতে পুলিশ কারখানার যন্ত্র বিক্রির জন্য কমিটি গঠন করে দেয়।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, নগরের মুরাদপুর এলাকায় সিঙ্ক অ্যাপারেলসের ১১০ শ্রমিক তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না। বেতন বাবদ প্রায় সাত লাখ টাকা বকেয়া পড়ে যায়। এ ছাড়া ভবনের মালিকের ভাড়াও বকেয়া পড়ে যায়। সব মিলিয়ে পোশাক তৈরি কারখানার মালিকের মোট দেনা ২৪ লাখ টাকার মতো। শ্রমিক ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই টাকা পাবে। ভবনের মালিক পোশাক কারখানার যন্ত্র বিক্রির উদ্যোগ নিলে শ্রমিকেরা বাধা দেন। পরে বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘পোশাক কারখানার মালিক ২৪ ফেব্রুয়ারি থেকে পলাতক রয়েছেন। এই অবস্থায় বাড়ির মালিক কারখানার সেলাই মেশিন ও যন্ত্রপাতি বিক্রির উদ্যোগ নিলে শ্রমিকেরা বাধা দেন। আমরা শ্রমিকদের থেকে তিনজনকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছি। ওরা মেশিন বিক্রি করে বকেয়া পাওনা আনুপাতিক হারে ভাগ করে নেবে।’