কারখানার লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার লিফট ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে টঙ্গীর বিসিক এলাকায় তাজ ওয়াশিং নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জুলহাস মিয়া। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।
পুলিশ ও কারখানার কয়েকজন শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে জুলহাস কাজ করছেন দীর্ঘদিন। তিনি কারখানার সাধারণ শ্রমিক ছিলেন। তাঁর কাজ ছিল মালামাল উঠানামা করা। আজ দুপুরেও কারাখানার বিভিন্ন তলায় মালামাল আনা নেওয়া করছিলেন তিনি। এ সময় তিনতলা থেকে নামার পথে হঠাৎ লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যান তিনি।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, এ ঘটনার পর কারখানার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। আর লিফটটিও ছিল অরক্ষিত অবস্থায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।