কারখানার ৫ কর্মচারীকে মারধরের অভিযোগ, পরে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার খাদিমনগরে নিশিতা ফুডস নামের কারখানার পাঁচ কর্মচারীকে গতকাল রোববার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁরা হলেন শংকর দেবনাথ (৪৮), মৃদুলকান্তি দাস (৩৫), রানাচন্দ্র কর (৪১), দুর্জয় কুমার (২০) ও সান্টু দাস (২৬)। অভিযোগ উঠেছে, ‘শ্রমিক সংগঠন করতে পারবে না’—মালিক পক্ষের এ নির্দেশ না মানায় ওই পাঁচজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়।গত বছরের এপ্রিলে নিশিতা ফুডসের ৫০ জন শ্রমিক-কর্মচারীকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়। পরদিন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আন্দোলনের মুখে তাঁদের চাকরিতে বহাল করা হয়। এ ঘটনায় প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশের পর মালিক পক্ষ শ্রমিক-কর্মচারীদের সঙ্গে একটি সমঝোতা চুক্তিও করে।জানা গেছে, গতকাল সকালে কারখানার ব্যবস্থাপকসহ মালিক পক্ষের কয়েকজন লোক ওই পাঁচ কর্মচারীকে একটি কক্ষে ডেকে নেন। সেখানে আটকে রেখে তাঁদের মারধর করা হয়। সকাল ১০টার দিকে সিলেট কোতোয়ালি থানার পুলিশকে ডেকে তাঁদের সোপর্দ করা হয়। পুলিশের সামনে তাঁদের আরেক দফা মারধর করা হয়। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, কারখানার উৎপাদন ব্যবস্থাপক সুনীল চক্রবর্তীর উপস্থিতিতে এ ঘটনা ঘটে।ওই পাঁচ কর্মচারীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বিভিন্ন সময় কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে কথা বলায় মালিক পক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে মারধরের ঘটনা ঘটিয়েছেন। শংকর দেবনাথের ছোট ভাই প্রদীপ দেবনাথ বলেন, ‘আমার ভাইকে ওরা এমনভাবে মারধর করেছে যে তিনি সোজা হয়ে দাঁড়াতেই পারছেন না।’মারধরের কথা অস্বীকার করে সুনীল চক্রবর্তী বলেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে পাঁচ কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়।’ কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, কারখানার মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ কর্মচারীকে থানায় আনা হয়েছে। মারধরের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।