কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২৫ জন হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় মঙ্গলবার কালার ম্যাচ বিডি লিমিটেড নামের একটি গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় আগুনে মালামাল, যন্ত্রসহ পুড়ো কারখানাটি পুড়ে গেছে। দগ্ধ হয়েছেন শিশুসহ ২৫ জন নারী শ্রমিক।
কারখানাটিতে আড়াই শতাধিক শ্রমিক কাজ করতেন। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকেরা হলেন জলি (২২), মুক্তি (১৯), ফিয়ারা (৩০), আঁখি (১৫), খাদিজা (১৩), নাজমা (১৩), হালিমা (২০), রানী (২০), সোনিয়া (১৬), হাফিজা (১৭), রীনা (১৬), ফাতেমা (১৫), সিমু (২৫), সোনিয়া (২০), লাভলী (৩০), শরিফা (২৫), সখিনা (২৫), ফারজানা (১৮), জান্নাতি (২০) ও বৃষ্টি (২০)। আর এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন রত্না (২২), রহিমা (১৭), কুলসুম (২৩), শারমিন (২৫) ও আকলিমা (২০)।
ফায়ার সার্ভিস, আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল চারটার দিকে কারখানার আধা পাকা একতলা ভবনে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনের তীব্রতা বেড়ে গেলে টঙ্গী, উত্তরা, সাভার ও ঢাকা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাতটার দিকে আগুন নেভায়। এর আগেই মালামাল ও যন্ত্রসহ কারখানাটি প্রায় পুড়ে যায়।
আহত শ্রমিক সিমু, লাভলীসহ আরও কয়েকজন বলেন, বিকেলের দিকে তাঁরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে কারখানার ভেতরে আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ে বের হতে হতেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দগ্ধ হন শ্রমিকেরা।

আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক অভিজিৎ রায় বলেন, অগ্নিদগ্ধ ১৩ নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ১৩ জনের তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের অন্তত ৯০ ভাগ পুড়ে গেছে। আর অন্যদের হাত-পা ও মুখের ৩০ থেকে ৪০ ভাগ করে পুড়ে গেছে।
এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ নারী শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাত সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে কথা বলার জন্য কারখানার মালিক বা কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বলেন, আগুনে গ্যাস লাইট, কাগজের বাক্স, যন্ত্র ও কারখানাটি পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। সালাহউদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।