ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ভেতরে ‘জংসাইন টেক্সটাইল বিডি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে গভীর নলকূপ স্থাপন করে পানি তুলছে। কর্তৃপক্ষের নাকের ডগায় এ তৎপরতা চললেও কারখানাটির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার ডিইপিজেডের নতুন জোনের ভেতরে অবস্থিত জংসাইন কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার কর্মকর্তাদের খাবার কক্ষের নিচে গোপন স্থানে ওই গভীর নলকূপ স্থাপনের প্রমাণ পাওয়া যায়। ডিইপিজেড সূত্র জানায়, এখানকার যেসব কারখানায় পানির প্রয়োজন হয়, সংস্থার পক্ষ থেকেই তাদের সে চাহিদা পূরণ করা হয়। এ জন্য এক হাজার লিটার পানির মূল্য বাবদ ২২ টাকা করে আদায় করা হয়। এভাবে প্রতিটি কারখানা থেকে মাসে সরকারের আদায় হয় ১০ থেকে ২০ লাখ টাকা। এই অর্থ বাঁচাতেই ওই কারখানা কর্তৃপক্ষ গোপনে গভীর নলকূপ বসিয়েছিল। এটা প্রচলিত নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। জংসাইন কারখানার নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, মাস দুয়েক আগেও এখানে দুটি গভীর নলকূপের সন্ধান পায় ডিইপিজেড কর্তৃপক্ষ। তখনো কোনো ব্যবস্থা নেয়নি তারা। গত রোববারের অভিযানে আরও একটি অবৈধ নলকূপের সন্ধান পাওয়া যায়। কিন্তু গতকাল সোমবার বিকেল পর্যন্ত কারখানাটির বিরুদ্ধে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই কর্মকর্তা আরও জানান, নলকূপ স্থাপনের বিষয়টি ফাঁস হওয়ার পরপরই কারখানা কর্তৃপক্ষ দ্রুত সেটি তুলে ফেলে। কিন্তু এরপর ডিইপিজেড কর্তৃপক্ষের অনুসন্ধানে নলকূপ স্থাপনের প্রমাণ বেরিয়ে আসে। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর জংসাইন টেক্সটাইলের ভেতরে গভীর নলকূপের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।