কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের পি কে গ্রুপের হার্ডবোর্ড তৈরির কারখানা ও গুদামে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানান, কারখানার গুদাম থেকে বেলা তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়৷ এ সময় গুদামের হার্ডবোর্ডগুলো আগুনে পুড়ে যায়৷ পরে তা পাশে কারখানায় ছড়িয়ে পড়ে৷ এতে হার্ডবোর্ড তৈরির বেশ কিছু যন্ত্রাংশ আগুনে পুড়ে যায়৷ এদিকে আগুন লাগার খবর পেয়ে পাশের নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চার ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ কারখানার ব্যবস্থাপক দেবাশীষ কুমার বলেন, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়৷ কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি৷ গজারিয়া থানার ওসি ফেরদৌস হাসান বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সন্ধ্যা সাড়ে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে৷