কারখানায় আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের মালিপাড়া এলাকায় আফতাব ফিড কোম্পানির একটি কারখানায় গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লেগে বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক পক্ষ দাবি করেছে।
কারখানার শিফট ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, মুরগি ও মাছের খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আফতাব ফিড কোম্পানির কারখানার কন্ট্রোলরুমের কাছ থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। কাছেই মালামাল প্যাকিং করার জন্য রাখা চটের বস্তার স্তূপে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাটোর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রইসউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কন্ট্রোল বোর্ডের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চটের বস্তা ও একই সঙ্গে বিপুল পরিমাণ মুরগি ও মাছের শুকনো খাবারগুলোতে আগুন লাগায় তা নিয়ন্ত্রণ করতে বেশ সময় লেগেছে।