কারখানায় আগুন, হুড়োহুড়িতে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গতকাল বুধবার সকালে আগুন লাগে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। তাঁদের অধিকাংশই নারী।
ফায়ার সার্ভিস ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকার দেওয়ান ইদ্রিস সড়কের কন্টিনেন্টাল গার্মেন্টসের চারতলা ভবনের তিনতলার এক কোণে আগুন ধরে। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কারখানার তিন ও চারতলার অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদির বলেন, তাঁদের হাসপাতালে ২২ জন নারী শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের সবাই হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে হাত-পা বা বুকে ব্যথা পেয়েছেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কারখানার অপারেটর তানিয়া আক্তার। তিনি বলেন, সকাল আটটার দিকে তাঁরা কাজ শুরু করেন। ১০টার দিকে তিনতলার এক পাশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো ফ্লোর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ভয়ে শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পড়ে গিয়ে তিনিসহ অনেকেই আহত হন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, পাইপে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভে যায়।
ঘটনার পর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।