কারখানায় আগুনে এক নারীর মৃত্যু, ছয়জন দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স টেরি টাওয়াল লিমিটেড নামে একটি কারখানায় গ্যাসের আগুনে সাত নির্মাণশ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকালের এ দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সন্ধ্যায় তাঁদের একজনের মৃত্যু হয়।
কারখানা, ফায়ার সার্ভিস ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটি দীর্ঘদিন বন্ধ ছিল। কয়েক দিন আগে কারখানার ক্যাম্পাসে আরেকটি ভবনের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণশ্রমিকদের রান্নার ব্যবস্থা করা হয় কারখানার গ্যাসের কমপ্রেসার রুমের পাশে। সেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থাও করা হয়। গতকাল সকাল ছয়টার দিকে ওই কমপ্রেসার রুমের পাশে শ্রমিকদের সকালের খাবার তৈরি করতে যান শ্রমিকদের মেসের গৃহকর্মী রেহেনা। কমপ্রেসার রুমের পাইপ থেকে গ্যাস বের হয়ে তা পুরো রুমে ছড়িয়ে পড়েছিল আগেই। এ সময় পাশের রুমে ঘুমিয়ে ছিলেন শ্রমিকেরা। রেহেনা রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোমাত্রই আগুন কমপ্রেসার রুমের ভেতর ছড়িয়ে পড়ে। আগুন তৎক্ষণাৎ ভয়াবহ আকার ধারণ করে আশপাশের রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। কিন্তু তার আগেই দগ্ধ হন রেহেনা বেগমসহ (৩৫) পাশের রুমে ঘুমিয়ে থাকা নির্মাণশ্রমিক ফজলুর রহমান (২৩), আবু হোসেন (৫০), দুলাল মিয়া (২৬), জাহিদুল ইসলাম (৩৪), ইয়াছিন (৪৫) ও আবদুল মালেক (৩০)। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিট সূত্র জানায়, সন্ধ্যার দিকে রেহেনা বেগমের মৃত্যু হয়। তাঁর স্বামীর নাম ইয়াসিন। আবু হোসেনের শরীরের ৭০ শতাংশ ও দুলালের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মালেকের শরীরের ৪৩ শতাংশ এবং ফজলুর রহমান ও ইয়াসিনের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।