কারখানায় উৎপাদন ব্যাহত, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল চুয়াডাঙ্গায় ওজোপাডিকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেন ব্যবসায়ীরা l প্রথম আলো
অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল চুয়াডাঙ্গায় ওজোপাডিকো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও সমাবেশ করেন ব্যবসায়ীরা l প্রথম আলো

চলতি মাসের শুরুতে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় গ্রিডের একটি টাওয়ার ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। এরপর থেকে যশোর, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন জেলায় চাহিদার প্রায় অর্ধেক পরিমাণ বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে। শহরাঞ্চলে প্রতিদিন গড়ে ৫-৬ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। গ্রামের পরিস্থিতি আরও নাজুক। সেখানে দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। এর ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তীব্র গরমে ভোগান্তি বেড়েছে গ্রাহকদের।

কুষ্টিয়া শহরে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র ১০-১২ ঘণ্টা। গ্রামে মাত্র ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে। এর ফলে জেলার চালকল, বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন ধরনের কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ওজোপাডিকো) কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, শহরে মোট গ্রাহক ৬২ হাজার ৯০১ জন। এখানে বিসিক শিল্পনগরী ছাড়াও শতাধিক চালকল রয়েছে। প্রতিদিন বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২০ মেগাওয়াট।

পল্লী বিদ্যুতের আওতায় গ্রাহকের সংখ্যা প্রায় ৩ লাখ ৪০ হাজার। ৯৬ মেগাওয়াট চাহিদা থাকলেও গত রোববার সরবরাহ ছিল ৪৬ মেগাওয়াট। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক হারুন-অর রশীদ বলেন, এক এলাকায় সরবরাহ বন্ধ করে অন্য এলাকায় বিদ্যুৎ দেওয়া হচ্ছে। তবে আশা করা যায়, লোডশেডিং খুব দ্রুত সহনীয় পর্যায়ে চলে আসবে।

সদর উপজেলার খাজানগর এলাকায় প্রায় তিন শতাধিক চালকল রয়েছে। জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, বোরো মৌসুমে এখন চাল উৎপাদনের ভরা মৌসুম। লোডশেডিংয়ের কারণে প্রয়োজনীয় চাল উৎপাদন করা যাচ্ছে না। এখানে সব চালকলের একই অবস্থা।

ওজোপাডিকো কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন, রোববার রাতে ভেড়ামারার একটি কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ যোগ হয়েছে। এতে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে লোডশেডিং অনেক কমে আসবে।

যশোরে জাতীয় গ্রিড সঞ্চালন কার্যালয় সূত্র জানায়, এই গ্রিড থেকে যশোর সদর, মনিরামপুর, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ১৪০ মেগাওয়াটের বেশি। কিন্তু পাওয়া যাচ্ছে ৭০-৭৬ মেগাওয়াট।

নওয়াপাড়া গ্রিড উপকেন্দ্র সূত্র জানায়, এই গ্রিড উপকেন্দ্র থেকে জেলার অভয়নগর উপজেলা, যশোর সদর উপজেলার অংশবিশেষ, নড়াইল জেলা এবং খুলনার ফুলতলা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা ৯০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ৩৪-৪০ মেগাওয়াট। অফ পিক আওয়ারে (দিনের বেলা) চাহিদা ৬০ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ মেগাওয়াট।

নওয়াপাড়া গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী এ কে এম ওয়ালিউল্লাহ বলেন, ‘বর্তমান অবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা বেশ জটিল হয়ে পড়েছে। ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি চালু হওয়ায় লোডশেডিং সহনীয় পর্যায়ে আসবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী নুরুল হুদা বলেন, ‘গ্রামগঞ্জে বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রচণ্ড গরম। তার ওপরে বিদ্যুৎ থাকে না। দোকান বন্ধ করে বসে আছি।’

সদর উপজেলার বাসিন্দা মকলেচ আহমেদ বলেন, প্রতিদিনই সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না। রোববার রাত ১২টায় বিদ্যুৎ গেছে, এসেছে গতকাল মঙ্গলবার সকাল ৬টায়। গরম আসার পরপরই লোডশেডিং দেখা দিয়েছে।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, এখানে বিদ্যুতের চাহিদা ৬৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২৮ মেগাওয়াট। ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চালু হওয়ায় সমস্যা কিছুটা কমবে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কুষ্টিয়া অফিস, যশোর প্রতিনিধি ও মেহেরপুর সংবাদদাতা)