কারখানায় উৎপাদন ব্যাহত, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় নেমে এসেছে রংপুর বিভাগের আট জেলায়। দিনে-রাতে চলছে বিদ্যুতের লোডশেডিং। প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে ঘন ঘন লোডশেডিংয়ে এই অঞ্চলের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের রংপুরের নিজস্ব প্রতিবেদক ও নীলফামারী প্রতিনিধির পাঠানো তথ্য:

বিদ্যুতের রংপুর বিভাগীয় আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, এই বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুরসহ আট জেলায় বিদ্যুতের চাহিদা প্রতিদিন ৫০০ থেকে ৫৩০ মেগাওয়াট। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে ২৮০ থেকে ৩২০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার প্রায় অর্ধেক। গত শনিবারও এই বিভাগে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর মধ্য থেকে পল্লী বিদ্যুৎকে দেওয়া হয়েছে ৪০ শতাংশ। অর্থাৎ ১১২ মেগাওয়াট।

এদিকে সাম্প্রতিক ঝড়ে আশুগঞ্জে বিদ্যুৎ সঞ্চালনের ২৩০ কেভির টাওয়ার ধসে পড়া বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ বলে মনে করে রংপুর বিদ্যুৎ কার্যালয় সূত্র। আগামী দুই মাসেও বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা স্বাভাবিক হবে কি না, তা নিয়ে খোদ সংশয় প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় আঞ্চলিক বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সূত্র জানায়, এই বিভাগে হিমাগার রয়েছে ৬০টি, পাটকল ১৫টি, অটো রাইস মিল ১২৫টি, হাসকিং মিল ২৩০টি, স মিল ১২০টি, বিস্কুট কারখানা ২১০টি, সিরামিক কারখানা ৪টি, কারুপণ্য কারখানা ৫টিসহ ছোট-বড় কারখানা রয়েছে ১ হাজারের অধিক।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও নর্থ বেঙ্গল জুট মিলের স্বত্বাধিকারী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ডিজেল ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর দিয়ে কাজ করা হচ্ছে। এতে করে ব্যয় বেড়ে গেছে।

রংপুরে অবস্থিত আঞ্চলিক বিদ্যুৎ কার্যালয়ের প্রধান প্রকৌশলী এস এম তৌহিদুল করিম বলেন, ‘এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। হঠাৎ কেন এমন হলো, তা নিয়ে মানুষজনকে বোঝানোই যায় না।’

এদিকে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি বাজারের ব্যবসায়ী তোজাম্মেল হোসেন (৫৫) বলেন, ‘বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে চলে গেছে। এখন আমাদের এলাকায় মানুষ রসিকতা করে বলে, এখানে বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চললেও এক সপ্তাহ ধরে অবস্থার আরও অবনতি ঘটেছে। তিনি বলেন, ‘আমার বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন আর বাজারের দোকানে পিডিবির লাইন। দুইটাতেই একই রকম লোডশেডিং চলছে।’

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এস এম হাসানাত হাসান বলেন, ‘আমাদের গ্রাহকদের জন্য প্রয়োজন ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ; অথচ পাচ্ছি ২৫ মেগাওয়াট বা আরও কম।’

নীলফামারী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বলেন, ‘আশুগঞ্জে টাওয়ার ধসের পর থেকে চাহিদার অর্ধেক পাচ্ছিলাম। এরই মধ্যে রমজানের আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য বড়পুকুরিয়া, সৈয়দপুর ও রংপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। এ কারণে আমরা ১০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি। তাই লোডশেডিং দিতে হচ্ছে।’