কারখানায় কাজ করত হেলাল
রাজবাড়ী-গোয়ালন্দ বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর হেলালদের খুপরি ঘর। বাবা দিনমজুর। দুই ভাই ও দুই বোনের মধ্যে হেলালই বড়। বাধ্য হয়ে প্রায়ই তাকে কাজে নামতে হয়। সুযোগ পেলেই সে ঢাকার শ্যামপুরের একটি ডাইং (কাপড়ে রং করা) কারখানায় কাজ করতে চলে যেত। এক-দুই সপ্তাহ কাজের পর হাতে কিছু টাকা হলে বাড়ি ফিরত। আর বাড়িতে থাকলে জাল নিয়ে মাছ ধরতে নামত নদীতে। এভাবেই নিজের কষ্টের কথাগুলো বলছিল মো. হেলাল সরদার। এবার সে রাজবাড়ীর গোয়ালন্দের চৌধুরী আবদুল হামিদ একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। হেলালের বাবা নিকবার আলী সরদার ও মা রূপবান বেগম জানান, তাঁদের বাড়ি ছিল উপজেলার বাঘাবাড়ি গ্রামে। বছর সাতেক আগে বন্যা তাঁদের বাড়ি ও ভিটাটুকুন কেড়ে নেয়। মাঝখানে এক আত্মীয়ের বাড়িতে আশ্রিত থাকার পর সাড়ে তিন বছর ধরে এই বন্যানিয়ন্ত্রণ রক্ষা বাঁধের ওপর আছেন। তাঁরা আরও জানান, হেলাল পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। হেলাল জানায়, স্কুলের শিক্ষকেরা তাকে বিনা টাকায় প্রাইভেট পড়িয়েছেন। ভবিষ্যতে সে একজন চিকিৎসক হতে চায়। স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘হেলাল মেধাবী ছেলে। এলাকার বাইরের কোথাও সে ভর্তি হলে আমার সাধ্যমতো তার জন্য করব।’