কারখানায় কাটা পড়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আমান সিমেন্ট মিলের পাথর ভাঙা মেশিনে পা ফসকে পড়ে গতকাল সোমবার হৃদয় হোসেন (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার কার্যালয়ে ভাঙচুর করেন। পরে কারখানা বন্ধ করে দেওয়া হয়।
হৃদয় উপজেলার গারলগাঁতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় ফজর আলী (২০) নামের আরেক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার শ্রমিকনেতা আফছার আলী বলেন, হৃদয়ের পুরো শরীর মেশিনের মধ্যে ঢুকে থেঁতলে যায়। ফজর আলীর শরীরের একটি অংশ ভেতরে যাওয়ায় তিনিও গুরুতর আহত হন। তিনি অভিযোগ করেন, শ্রমিকদের নিরাপত্তার জন্য জুতা এবং মাথায় হেলমেট দেওয়ার কথা থাকলেও মিল কর্তৃপক্ষ তা সরবরাহ করেনি। শ্রমিকদের অনিরাপদ পরিবেশে কাজ করতে হচ্ছে। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
জানতে কারখানার ব্যবস্থাপক মো. হুমায়ুনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।