কারখানায় খাবার খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নূরবাগ এলাকায় গতকাল বুধবার রাতে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রাতের খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন।
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মৌচাক নূরবাগ এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইলে শ্রমিকদের গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নাশতা দেওয়া হয়। নাশতার মধ্যে ছিল একটি করে প্যাটিস ও ডিম। নাশতা খাওয়ার পর শ্রমিকেরা ফের কাজে যোগ দেন। এরপর রাত সাড়ে আটটার দিকে শ্রমিকেরা বমি করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন শ্রমিক ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের দ্রুত গাজীপুর সদর হাসপাতাল, কোনাবাড়ী, মৌচাকসহ আশপাশের কয়েকটি ক্লিনিকে ভর্তি করে।
কারখানার শ্রমিক আলতাফ হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ প্রায়ই এমন খাবার দেয়। সেগুলো খেয়ে পেটে ব্যথাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তবে গতকালের খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার জানান, দীর্ঘ সময় ধরে প্যাকেটে থাকা খাবার খেয়ে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তবে শ্রমিকেরা আশঙ্কামুক্ত রয়েছেন। কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়েছে।
পূর্বাণী গ্রুপের মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন, কারখানার খাবার বাইরের ঠিকাদারের মাধ্যমে আনা হয়। পচা খাবার সরবরাহ করায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসা চলছে।