কারখানায় বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাহমুদপুরে অবস্থিত সিনহা প্লাস্টিক ফ্যাক্টরিতে গত মঙ্গলবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানার যন্ত্রের একটি চাকা আধা কিলোমিটার দূরে গিয়ে একটি পোশাক কারখানা ও একটি বাড়িতে আঘাত করে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর মালিক ও কর্মচারীরা কারখানাটিতে তালা দিয়ে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে প্লাস্টিক গলানোর কাজ চলাকালে যন্ত্রে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন যন্ত্রটির একটি চাকা ছুটে তা কারখানার টিনের চালা ভেদ করে আধা কিলোমিটার দূরে মুনা সাসা ডিজাইন নামের একটি পোশাক কারখানার ছাদে আঘাতে হানে। চাকাটি ছাদ ভেদ করে দ্বিতীয় তলায় গিয়ে পড়ে। অপর একটি চাকা আরও দূরে অবস্থিত একটি বাড়ির পঞ্চম ও চতুর্থ তলার ছাদ ভেদ করে তৃতীয় তলায় গিয়ে পড়ে। যন্ত্রটিতে মোট চারটি চাকা ছিল বলে জানা গেছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর বলেন, মালিকপক্ষ কারখানা তালাবদ্ধ করে পালিয়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।