কারখানায় বিস্ফোরণে আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ১০
গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় একটি তৈরি পোশাক কারখানার আয়রন সেকশনে আজ শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হলে শ্রমিকদের মধ্যে আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন।
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় বিদেশি মালিকানাধীন ভিগনিটি গার্মেন্টস নামের একটি পোশাক কারখানা আছে। ওই কারখানায় আজ সকাল সাড়ে আটটার দিকে আয়রন সেকশনের স্কিন লাইনে হঠাত্ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়া কারখানার অন্য তলায় পৌঁছালে শ্রমিকদের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকেরা কারখানা থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। তখন সিঁড়িতে পড়ে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হামবার বলেন, আয়রন সেকশনের বিস্ফোরণের স্থানটি দ্রুত মেরামত করা হচ্ছে। রোববার থেকে কারখানা যথারীতি চালু করা যাবে বলে তিনি জানান। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।