কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করার সময় গত বুধবার সকালে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক গোলাম মহিউদ্দিন শেখ (৫০) তালোড়ার দক্ষিণ সাবলা বাঁশোপাতা গ্রামের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাম মহিউদ্দিন শেখ তালোড়া অ্যালুমিনিয়াম ওয়ার্কস কারখানায় স্পিনার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ঘটনার সময় রুলার মেশিন (ডায়া) বিস্ফোরণ ঘটায়। এতে তাঁর মাথায় আঘাত লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পরপরই ওই কারখানার শ্রমিকেরা মিল বন্ধ রেখে ক্ষতিপূরণ দাবি করে মালিক বিনোদ কুমার পোদ্দারকে তাঁর অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমঝোতা হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ ডায়া ব্যবহার করার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। কারখানার মালিক বিনোদ কুমার পোদ্দারের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, ঘটনাস্থলে এসে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানান, নিহত শ্রমিকের ক্ষতিপূরণ দিয়ে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।