কারখানায় ভাঙচুর কর্মকর্তাদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার আবির ফ্যাশনসহ ছয়টি কারখানায় ভাঙচুর করেন। বাধা দিলে শ্রমিকেরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন। এ সময় কারখানার মালিকপক্ষের লোকদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত আবির ফ্যাশন কর্তৃপক্ষ ঈদুল আজহার আগে ২০ শ্রমিককে চাকরিচ্যুত করা হবে না কেন জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। গতকাল সকালে শ্রমিকেরা ওই নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কারখানার ভেতরে ভাঙচুর চালান। বাধা দিলে শ্রমিকেরা কারখানার উৎপাদন কর্মকর্তা আক্কাস আলীসহ কয়েকজনকে মারধর করেন। পরে মালিকপক্ষের লোকজন এসে শ্রমিকদের ধাওয়া দেন। দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের নামিয়ে আনার চেষ্টা করেন। পরে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কমপক্ষে পাঁচটি কারখানা ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।