কারখানায় ভাঙচুরের ঘটনায় ২২ শ্রমিকের বিরুদ্ধে মামলা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হরতুকিতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ২২ শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে গতকাল বুধবার কালিয়াকৈর থানায় এ মামলা করেন। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী তিন দিন ছুটি ঘোষণা করেছে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা হরতুকিতলা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড নামের ওই কারখানায় গত মঙ্গলবার ফিনিশিং সেকশনের দুই শ্রমিকের সঙ্গে কারখানার কর্মকর্তারা অসদাচরণ করেন। এর জের ধরে ওই দুই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে অন্য শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালান। কালিয়াকৈর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম শ্রমিকদের বিরুদ্ধে মামলা ও কারখানায় ছুটি ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।