কারচুপি হলে ইসি ঘেরাওয়ের হুমকি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জোর করে উপজেলা পরিষদ দখল করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর কালকের নির্বাচনে কোনো কারচুপি হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুমকি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের আগের দিন আজ শুক্রবার বিএনপির নেতারা আলাদা অনুষ্ঠানে এ অবস্থান তুলে ধরেন।

শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, কালকের নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা ভালো করবেন। কিন্তু সরকারের মন্ত্রীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তাতে মনে হচ্ছে তাঁরা জোর করে উপজেলা পরিষদ দখল করে নিতে চান, ফল ছিনিয়ে নিতে চান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপি-সমর্থিত প্রার্থী ও কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীর কারামুক্তি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী হুঁশিয়ার করেন, শনিবারের নির্বাচনে সরকার-সমর্থকেরা সন্ত্রাস, হামলা, তাণ্ডব চালালে, ভোটকেন্দ্র দখল করলে, জনগণকে সঙ্গে নিয়ে ‘দুর্ভেদ্য ঘেরাওয়ে’ নির্বাচন কমিশনকে আটকে দেওয়া হবে ‘বিপ্লবী কর্তব্য’। বিভিন্ন উপজেলায় সরকারদলীয়রা সন্ত্রাস চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।