উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার কারচুপি বা অনিয়ম হলে সারা দেশ মিছিলে ও প্রতিবাদে উত্তাল করে তোলা হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি জানান।
রিজভী অভিযোগ করেন, এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিএনপির সমর্থক, প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা হচ্ছে। নির্বাচনের দিন যদি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে মিছিলে মিছিলে সারা দেশ উত্তাল করে তোলা হবে। অনিয়মের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা জড়িত থাকবেন, তাঁদের নাম-ঠিকানা তালিকা আকারে তৈরি করে রাখার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সন্ধ্যায় দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, নিজেদের পক্ষে ফলাফল নিতে সরকার সব ধরনের ষড়যন্ত্র করছে। সেনা মোতায়েনের কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত করা হয়নি।
‘জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে বিএনপি জড়িত’ বলে গত মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের অভিযোগের জবাবে সকালের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের এই লাগামহীন কথা, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। তারা এক জঙ্গিকে ধরে তাকে ক্রসফায়ারে দিল, উপজেলা নির্বাচন চলাকালে এ ধরনের ঘটনা রহস্যজনক। তদন্ত হওয়ার আগেই তারা অন্যদেরদায়ী করছে। তাদের বক্তব্যে প্রমাণিত হচ্ছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত এবং এটি একটি পরিকল্পিত নাটক।’