কারচুপির অভিযোগ পরাজিত চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুনর্নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী জয়লাভ করেছেন। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী অপর চেয়ারম্যান পদপ্রার্থী ছালাহ উদ্দিন অভিযোগ করেছেন, জাহাঙ্গীর কবিরের কর্মী-সমর্থকেরা তাঁকেসহ তাঁর এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেয়নি। জালভোট ও কারচুপির মাধ্যমে জাহাঙ্গীর জয়লাভ করেছেন। গতকাল দুপুরে চৌধুরীপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ছালাহ উদ্দিনের কোনো এজেন্ট উপস্থিত নেই। জাল ভোট দেওয়ার অভিযোগে ১০ জনকে আটক রাখা হয়েছে। জাল ভোট দেওয়ার সময় এক ব্যক্তি পুলিশের তাড়া খেয়ে কেন্দ্রসংলগ্ন ডোবায় লাফিয়ে পড়ে। এ সময় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক নূরুল হুদা ভোটকেন্দ্রে প্রবেশ করে সাংবাদিকদের সেখানে বেশি সময় থাকতে নিষেধ করেন। কারণ জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কেন আপনারা সারাক্ষণ ভোটকেন্দ্র ও এর আশপাশে দায়িত্ব পালন করছেন?’চেয়ারম্যান পদপ্রার্থী ছালাহ উদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট নূরুল আলম অভিযোগ করেন, অন্য তিন এজেন্টকে নিয়ে তিনি ভোর সাড়ে ছয়টার দিকে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর কবির চৌধুরীর শতাধিক ক্যাডার তাঁদের অবরুদ্ধ করে রাখে। তাই তাঁরা ভোটকেন্দ্রে যেতে পারেননি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর কবির বলেন, তাঁর কোনো কর্মী-সমর্থক এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।জাল ভোট দেওয়ার অপরাধে ১০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজি বলেন, তাঁদের সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা নূরুল আলম বলেন, কেন্দ্রের এক হাজার ১৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরী ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ছালাহ উদ্দিন পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছালাহ উদ্দিনের কোনো নির্বাচনী এজেন্ট ভোটকেন্দ্রে উপস্থিত হননি।