দেশব্যাপী উপজেলা পরিষদের নির্বাচনে ব্যাপকভাবে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ ওঠার মুখে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, নির্বাচনে কোনো কারচুপি, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখলের অভিযোগ পেলে আইনানুযায়ী প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চতুর্থ দফার আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আলী এসব কথা বলেন। এ সময় বিগত নির্বাচনে ‘বিচ্ছিন্ন কিছু অনিয়ম’ হওয়ার কথা স্বীকার করেন তিনি।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালের সভাপতিত্বে এতে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন প্রার্থী বক্তব্য দেন।
সভায় নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে, আচরণবিধি সবার জন্য সমভাবে প্রযোজ্য। বিধিবহির্ভূত কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা নেবেন।’