আজ অনুষ্ঠেয় গাইবান্ধার তিনটি আসনের পুনর্নির্বাচনে প্রচারণায় নেই অধিকাংশ প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ৫ জানুয়ারির ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁরা এ নির্বাচনের মাঠ থেকে সরে দাড়িয়েছেন।
এরই মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই কর্মকর্তাদের ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলা না হলেও ভোটে পরিস্থিতি সামাল দিতে না পারার কারণে তাঁদের প্রত্যাহার করা হয় বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টির বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের মনজুরুল ইসলাম ৪৫ হাজার ৩৮৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আবদুল কাদের খান পান পাঁচ হাজার ৯৫৮ ভোট।
আবদুল কাদের খান বলেন, ‘এ আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে আমিসহ তিনজন প্রার্থী বৈঠক করে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ, ৫ জানুয়ারি আওয়ামী লীগের প্রার্থী ভোট ডাকাতি করেছেন।’
তবে মনজুরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন। সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ করা হয়।’
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ৫০টির ফলাফলে আওয়ামী লীগের ইউনুস আলী ৭০ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম পান ১২ হাজার ৭৮১ ভোট।
খাদেমুল ইসলাম অভিযোগ করেন, ইউনুসের সমর্থকেরা প্রশাসনের ছত্রচ্ছায়ায় ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মারেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। এ ছাড়া অনেক কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার ঘোষিত ফলাফলের সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তার ফলাফলের কোনো মিল নেই। তাই তিনি প্রচারণা থেকে সরে এসেছেন। তবে ইউনুস আলী বলেন, ‘আমার কোনো লোক ভোটকেন্দ্র দখল করে সিল মারেনি।’
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৩০টি কেন্দ্রের মধ্যে ৫৮টির ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) ৫৯ হাজার ৮৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ১৮ হাজার ৮০৬ ভোট।
মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এখানে আবুল কালাম আজাদের লোকজন ১৩টি কেন্দ্র দখল করে ভোট দিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ১৩টি কেন্দ্রের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নেননি। এর পরও নির্বাচনে অংশ নিচ্ছি।’