মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে পরাজিত দুই সদস্য পদপ্রার্থীর লোকজন। গতকাল শনিবার রাতে তারা শহরে মিছিল করে। জানা গেছে, পঞ্চসার ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হচ্ছেন: আমানউল্লাহ, শামীম আহমেদ ও নুরুল হক। তাঁদের মধ্যে আমানউল্লাহকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ডের পঞ্চসার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলে গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল করেন পরাজিত সদস্য পদপ্রার্থী শামীম আহমেদ ও নুরুল হকের নেতৃত্বে তাঁদের কর্মী-সমর্থকেরা। মিছিল শেষে প্রেসক্লাবে এসে তাঁরা অভিযোগ করেন, ওই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৬৮ জন। ভোট পড়েছে দুই হাজার ১৬৮টি। কিন্তু কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ভোট বেশি পড়েছে দাবি করে কারচুপির মাধ্যমে আমানউল্লাহকে বিজয়ী ঘোষণা করেন। আগেই ফলাফলের কাগজে আমাদের পক্ষের পোলিং এজেন্টদের সই নেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।