কারচুপির অভিযোগে সড়ক অবরোধ, গুলিবিদ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দত্তপাড়া ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় কাদিরপুর ইউনিয়নে পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী ও সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস ও থানার ইনচার্জ মিজানুর রহমান এলাকায় গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সঠিক বিচারের আশ্বাস দিলে রাত নয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান ও বিক্ষোভকারীরা জানায়, চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ মিয়া রিটার্নিং কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে ভোট কারচুপি করে বিজয়ী ঘোষণা পেয়েছে। বিজয়ী ঘোষিত প্রার্থী মুরাদ মিয়ার ফল বাতিল করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।এ ছাড়া কাদিরপুর ইউনিয়নে দুই পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী বি এম দেলোয়ার হোসেন ও আলাউদ্দিন মাদবরের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। গুলিবিদ্ধ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, তদন্তের মাধ্যমে সঠিক সমাধান দেওয়া হবে।শিবচর থানার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, কাদিরপুরে দুই পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে হামলার ব্যাপারে শুনেছি।