
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে কয়েকটি কেন্দ্রে কারচুপির আশঙ্কা করছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এবং সাংসদ আমানুর রহমান খানের অনুসারী মেয়র পদপ্রার্থী। অপরদিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর অভিযোগ, টেলিফোনে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে বিজয়ী হওয়ার জন্য সব পক্ষই সর্বশক্তি দিয়ে প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ঘাটাইল পৌরসভায় এটি চতুর্থ নির্বাচন। এবার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম খান, বিএনপির প্রার্থী ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ওরফে ধলা। আর টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়ার্ডে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী রোববার এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৯৯৯ সালে ঘাটাইল পৌরসভার প্রথম নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে ২০০৪ ও ২০১১ সালের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। বিএনপি তার বিজয়ের ধারা অব্যাহত রাখতে তৎপর। এলাকার সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খানসহ নেতারা দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠ চষে বেড়াচ্ছেন।
অপরদিকে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতারা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। সাংসদ আমানুর রহমান খান আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় দুবছর ধরে আত্মগোপনে। এখন দলের নেতৃত্বে আছেন সাংসদবিরোধী অংশের নেতারা। তাঁরা পৌর নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে নিজেদের অবস্থান সংহত করতে চান। শুধু উপজেলা পর্যায়ের নেতারা নন, জেলা আওয়ামী লীগের নেতারাও প্রচারণায় অংশ নিচ্ছেন। দুদলই নির্বাচনে জয়ী হওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে সাংসদ আমানুরের অনুসারী প্রার্থী রফিকুল ইসলাম আওয়ামী লীগ ও বিএনপি উভয় প্রার্থীর ভোটেই ভাগ বসাবেন বলে মনে করছেন নির্বাচনী প্রচারের কাজে নিয়োজিত ব্যক্তিরা।
নির্বাচনে পাঁচটি কেন্দ্রে ভোট কারচুপির আশঙ্কা করছেন বিএনপি প্রার্থী ফারুক হোসেন। কেন্দ্রগুলো হচ্ছে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খায়েরপাড়া দাখিল মাদ্রাসা, ঘাটাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা এবং ঝড়কা এম এ সাত্তার হাইস্কুল। ফারুক হোসেন জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন।
সাংসদের অনুসারী প্রার্থী রফিকুল ইসলাম জানান, কয়েকটি কেন্দ্রে কারচুপি হতে পারে। তাই বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তিনি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বলেন, নির্বাচনে তাঁদের পক্ষ থেকে কারচুপি হওয়ার সম্ভাবনা নেই।