বরিশালের গৌরনদী পৌরসভায় বিএনপির কোনো নেতা-কর্মী বা সমর্থক কোনো ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হননি। ভোট কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের আশঙ্কায় প্রার্থী হননি বলে বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ৩ ডিসেম্বর গৌরনদী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ৩৮টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১টি মনোনয়নপত্র জমা পড়েছে। গতকাল শনিবার মনোনয়নপত্র বাছাই শেষে কাউন্সিলর পদে ৩৮টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাসুদ হাসান পাটোয়ারী।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সহিদ ঘরামী, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন সরদার, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ হোসেন মিয়া বলেন, গৌরনদীতে নির্বাচনের নামে প্রহসন করা হয়।
বরিশাল উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক হোসনে আরা বেবী বলেন, ‘এ নির্বাচনে সাধারণ ভোটারের রায়ের প্রতিফলনের কোনো সুযোগ নেই। তাই আমিসহ আমার দলের নেতা-কর্মীরা প্রার্থী হতে আগ্রহী নন।’ তাহলে মেয়র পদে দলীয় প্রার্থী কেন দেওয়া হলো, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র পদে প্রার্থী দিলেও পরিণাম একই।
বিএনপি-সমর্থক ও ১ নম্বর ওয়ার্ডের ভোটার আবুল কালাম, ২ নম্বর ওয়ার্ডের ভোটার নুর আলম খান, ৩ নম্বর ওয়ার্ডের ভোটার সালাম সরদারসহ অনেকেই বলেন, বিগত নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষের লোকজন তা ছিনিয়ে নেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল হোসেন বলেন, ‘গত উপজেলা নির্বাচনে আমি দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হয়েছিলাম। ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে ভোট শেষ করেছে ক্ষমতাসীনেরা।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদার বলেন, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ জন্য তারা প্রার্থী দিতে পারছে না।
রিটার্নিং কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারী বলেন, অতীতে কী হয়েছে, তা বিবেচ্য বিষয় নয়। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।