কারচুপির শঙ্কায় বিএনপির প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভোট কারচুপির আশঙ্কায় হাল ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাছির উদ্দিন।
সীমানা নিয়ে জটিলতায় স্থগিত হওয়া সোনারামপুর ইউপিতে আজ শনিবার ভোট। এ ইউনিয়নের ১০ কেন্দ্রের সব কটিই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) জানিয়েছে পুলিশ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে এখানে ভোট হওয়ার কথা ছিল। সীমানা নিয়ে জটিলতায় উচ্চ আদালতে রিটের কারণে গত ২১ মার্চ এই ইউপিতে নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে ৩ এপ্রিল আপিল বিভাগ ওই স্থগিতাদেশ স্থগিত করেন।
বিএনপির প্রার্থী মো. নাছির উদ্দিন অভিযোগ করেন, ‘যেভাবে ভোট কারচুপি করে নির্বাচন হচ্ছে তাতে (নির্বাচনে) থেকে লাভ কী। নির্বাচন দেওয়া হয়েছে তাদের (আওয়ামী লীগের) প্রার্থীদের বিজয়ী করতে, এটা তো ইলেকশন না, সিলেকশন। আর নির্বাচন নিয়ে আমরা কিছু করতে (ভোট কারচুপিতে বাধা দেওয়া) গেলে আমাদের এলাকাছাড়া করা হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সোনারামপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।