কারণ উদ্ঘাটনে উচ্চক্ষমতার কমিটি গঠন কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মাওয়ায় পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত ও জাতীয় স্বার্থে ভবিষ্যতে নৌদুর্ঘটনা রোধে পরিকল্পনা প্রণয়নসহ কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশেষজ্ঞ সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. হারুন আর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। পরে আদেশের বিষয়টি জানিয়ে হারুন আর রশীদ প্রথম আলোকে বলেন, নৌসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ ১০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নৌ, সড়ক, রেলপথ রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ও সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব গত ১৯ আগস্ট রিটটি করেন। ৪ আগস্ট শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসার পর প্রায় ৩০০ যাত্রী নিয়ে পদ্মা নদীতে এমএল পিনাক-৬ ডুবে যায়। এ ঘটনায় মাওয়া নৌপরিবহন পরিদর্শক (টিআই) জাহাঙ্গীর আলম ভূঁইয়া বাদী হয়ে লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিকসহ ছয়জনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন। তবে লঞ্চটির সন্ধান মেলেনি।