গোপীবাগে ছয় খুন: পারিবারিক, ব্যক্তিগত শত্রুতাও দেখছে পুলিশ
কারণ এখনো অজানা, সন্দেহ উগ্র গোষ্ঠীকে
রাজধানীর গোপীবাগে বাবা ও ছেলেসহ ছয়জনকে জবাই করে হত্যার পেছনে প্রকৃত কারণ এখনো বের হয়নি। তবে এ ঘটনায় উগ্র মৌলবাদী চক্র ও জঙ্গিদের সন্দেহ করছে পরিবার ও পুলিশ। এর সঙ্গে পারিবারিক, ব্যক্তিগত ও সম্পত্তিগত শত্রুতাসহ আরও বিভিন্ন কারণও তদন্ত করে দেখা হচ্ছে। তবে গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত শনিবার সন্ধ্যায় গোপীবাগের আর কে মিশন রোডের চারতলা বাড়ির দোতলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে ছয়জনের গলাকাটা ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন লুৎফোর রহমান (৬০), তাঁর ছেলে সরোয়ারুল ইসলাম (৩০), শাহিন মৃধা (২৫), মজিবুল হক (২৫), মনজুর আলম (২৫) ও রাসেল ভূঁইয়া (২১)।
ছয়জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। শনিবার রাতেই অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় হত্যা মামলা করেন লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক।
আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, তাঁর বাবা নিজেকে ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করতেন। নিহত শাহিন, মজিবুল, মনজুর ও রাসেল বাবার ভক্ত ও খাদেম। বাবা প্রচলিত ধর্মীয় মতবাদ, জঙ্গিবাদ ও বিভিন্ন ইসলামি দলের মতাদর্শের ঘোর বিরোধী ছিলেন। এই উগ্র গোষ্ঠী এ হত্যার ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কয়েকটি বিষয় মাথায় রেখে হত্যার তদন্ত চলছে। এ ঘটনায় উগ্রপন্থী গোষ্ঠীর সম্পৃক্ততার আশঙ্কা রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। ডিবি মামলার ছায়া তদন্ত করছে।
লুৎফোর পরিবার নিয়ে গোপীবাগের ওই বাসায় ভাড়ায় থাকতেন। স্ত্রী সালমা বেগম ও দুই ছেলে সরোয়ারুল ও আবদুল্লাহ। সরোয়ারুল একটি বেসরকারি ব্যাংকের পুরান ঢাকায় অবস্থিত শাখা ও আবদুল্লাহ আরেকটি বেসরকারি ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় চাকরি করেন। মেয়ে শামসুন্নাহার বিবাহিত। ওই বাসায় স্ত্রী আসমা বেগম ও সাড়ে চার বছরের সন্তান রাজনকে নিয়ে থাকতেন মনজুর। স্ত্রী নিয়ে থাকতেন নিহত মজিবুল। বাসায় থাকতেন অবিবাহিত শাহিন। নিহত রাসেল ছাড়াও কয়েকজন ভক্ত ওই বাসায় মাঝেমধ্যে আসতেন।
তবে নিহত ছয়জন ছাড়া ঘটনার সময় ওই বাসায় ছিলেন লুৎফোরের স্ত্রী সালমা বেগম, মেয়ে শামসুন্নাহার ও তাঁর এক মাসের সন্তান সৌম্য, লুৎফোরের ছেলে নিহত সরোয়ারুলের স্ত্রী ফেরদৌসী তালুকদার ও শ্বশুর গোলাম মোস্তফা, নিহত মনজুরের স্ত্রী-সন্তান এবং গৃহকর্মী ও ভক্ত শাহিদা।
যেভাবে ঘটনা: স্বজনদের বক্তব্য ও মামলার এজাহার অনুযায়ী, শনিবার মাগরিবের আগে ১০-১২ জন যুবক ওই বাসায় ঢোকেন। তাঁরা লুৎফোরকে ধর্মীয় বিষয় জানার জন্য এসেছেন বলে জানান। সবাইকে নিয়ে মাগরিবের নামাজ পড়েন লুৎফোর। নামাজের পর বৈঠক ঘরে ওই যুবকদের মুড়ি খেতে দেওয়া হয়। খাওয়ার একপর্যায়ে ধারালো ও আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুই শিশু ছাড়া সবার হাত, পা, মুখ ও চোখ বেঁধে ফেলেন যুবকেরা। বাসার একটি কক্ষে লুৎফোরের স্ত্রী, মেয়ে ও তাঁর সন্তান, ছেলের স্ত্রী ও শ্বশুর, মনজুরের স্ত্রী-সন্তান এবং গৃহকর্মী শাহিদাকে নিয়ে আটকে রাখা হয়। পরে একটি কক্ষে সরোয়ারুল ও রাসেলকে এবং পাশের কক্ষে লুৎফোরসহ বাকি চারজনকে জবাই করা হয়।
লুৎফোরের স্ত্রী সালমা বলেন, তিনি একটি কক্ষে নাতিকে কোলে নিয়ে বসে ছিলেন। ধর্মীয় বিষয় শুনতে আসার কথা বললেও কিছুক্ষণ পর ওই যুবকদের কয়েকজন তাঁর কক্ষে ঢুকে বলেন, তাঁদের পুলিশ তাড়া করেছেন। কিছুক্ষণ থেকেই চলে যাবেন। এ কথা বলেই তাঁকে পাকড়াও করা হয়। বাকিদের বেঁধে ওই কক্ষে আনা হয়। আধঘণ্টা পর কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চোখের বাঁধন খুলে দুই কক্ষে গিয়ে স্বামী-ছেলেসহ ছয়জনের লাশ দেখতে পান। ওই যুবকেরা কিছু টাকা, স্বর্ণালংকার ও বেশ কয়েকটি মুঠোফোন নিয়ে যান।
সালমা বলেন, ওই যুবকেরা বলছিল, ‘এক পীর পাঠাইছে। ছয়জনকে মারার অর্ডার ছিল, ছয়জনকে মারছি। তোরা যদি পুলিশ ও মিডিয়ার কাছে মুখ খোলস তাহলে তোদেরও একই অবস্থা হবে।’ সালমা বলেন, ঘটনার সময় ওই যুবকেরা বারবার তাঁকে জিজ্ঞেস করছিলেন, ‘তোর ছোট ছেলে আবদুল্লাহ কই।’
আবদুল্লাহ সাংবাদিকদের জানান, তিনি শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ধানমন্ডিতে একটা কাজে গিয়েছিলেন। পৌনে সাতটার দিকে বোন শামসুন্নাহার কান্নাকাটি করে হত্যাকাণ্ডের ঘটনা জানান।
সালমা বলেন, ওই যুবকেরা অপরিচিত। সাধারণত শুক্র ও সোমবার মাগরিবের পর ধর্মীয় আলোচনা শুনতে অনেক পরিচিত ভক্ত আসতেন। অপরিচিত ব্যক্তিদের আপ্যায়নের বিষয়ে সালমা দাবি করেন, তাঁর স্বামী ধর্মীয় মানুষ বলে পরিচিত-অপরিচিত সবাইকে খাওয়ানো পছন্দ করতেন।
গত বুধবার রংপুর থেকে ওই বাসায় আসেন সরোয়ারুলের শ্বশুর গোলাম মোস্তফা। আর গত শুক্রবার দুপুরের পর আসেন রাসেল।
মৌলবাদী-জঙ্গিবাদীদের সন্দেহ: গ্রামের বাড়ি টাঙ্গাইল হলেও লুৎফোর দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছেন। ১৯৯৭ সাল থেকে নিজেকে ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করে নিজের ধর্মীয় মতবাদ প্রচার শুরু করেন। তার আগে তিনি পোশাক কারখানায় চাকরি করেছেন। ব্যবসাও করেছিলেন।
আবদুল্লাহ বলেন, তাঁর বাবা তিনটি বই লিখেছেন। ধর্মের প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে কথা বলায় ২০০৫ সালে যাত্রাবাড়ীর বিবির বাগিচায় থাকার সময় তাঁর বাবা ও পরিবারের কয়েকজনের ওপর হামলা হয়। তাঁরা জানতে পেরেছিলেন, মুফতি হান্নানের অনুসারীরা এ হামলা করেছিলেন। একই অভিযোগে ২০০৭ ও ২০১১ সালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। তিনি জেলও খেটেছেন। তার পরও মতাদর্শ চালাচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে উগ্র গোষ্ঠী এ ঘটনা ঘটাতে পারে।
মর্গে আহাজারি: গতকাল মিটফোর্ড হাসপাতালের মর্গজুড়ে ছিল নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি। এক মাসের বাচ্চা শিউলিকে নিয়ে মজিবুলের লাশ নিতে এসেছেন স্ত্রী রাবেয়া। তিনি বলেন, সাভারের জিরানিবাজারে তাঁর শ্বশুরবাড়ি। মজিবুল সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তবে এক বছর ধরে তাঁরা স্বামী-স্ত্রী ওই বাসায় থাকতেন। সন্তানসম্ভবা হওয়ায় কয়েক মাস আগে তিনি সাভার চলে যান।
নিহত রাসেলের মামা নাজমুল হুদা বলেন, রাসেল উত্তরার বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির তৃতীয় সেমিস্টারের ছাত্র। গ্রামের বাড়ি কুমিল্লা। উত্তরার আজমপুরে থাকতেন।
নিহত শাহিনের বাবা কাওছার মিয়া বলেন, ভোলার লালমোহনের দেবীশ্বরে তাঁদের গ্রামের বাড়ি। সাত সন্তানের মধ্যে শাহিন বড়। পরিবারের সঙ্গে থাকতেন যাত্রাবাড়ীর কাজলায়। কাঁচা তরকারির ব্যবসা করতেন। চার বছর ধরে লুৎফোরের সঙ্গে আছেন শাহিন।
নিহত মনজুরের বাবা খলিল শেখ বলেন, সিরাজগঞ্জ সদরের বামনঘাতী এলাকায় তাঁদের বাড়ি। তিন সন্তানের মধ্যে মনজুর দ্বিতীয়। দেড় বছর আগে স্ত্রী-সন্তান নিয়ে লুৎফোরের বাসায় থাকা শুরু করেন তিনি।