কারণ খোঁজা হবে সঞ্চালন লাইনের উভয় অংশেই
গত শনিবার ঘটে যাওয়া বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান করা হবে বাংলাদেশ-ভারত সঞ্চালন লাইনের উভয় অংশেই। তবে কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত আন্তদেশীয় সঞ্চালন লাইনের আন্তসংযোগ কেন্দ্রকে (এইচভিডিসি) ওই ঘটনার কেন্দ্রবিন্দু বলে ধারণা করা হলেও সেখানকার স্বয়ংক্রিয় ‘ফল্ট রেকর্ডার’-এ এর কোনো প্রমাণ মেলেনি।
এ ঘটনার তদন্তে গঠিত কমিটির সূত্রে এ খবর জানা গেছে। গতকাল প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধিও ভেড়ামারা এইচভিডিসিতে অনুসন্ধান করে একই তথ্য পেয়েছেন।
গতকাল রোববার থেকে দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সূত্রগুলো জানায়, গতকাল পর্যন্ত তাদের হাতে যেসব তথ্য এসেছে, তাতে জাতীয় গ্রিডের পশ্চিমাঞ্চলে কিছু সমস্যার কারণে বিপর্যয় ঘটতে পারে বলে ‘প্রাথমিক ক্ষীণ’ ধারণা পোষণ করা হচ্ছে। তবে বিষয়টি আরও বিস্তারিতভাবে খতিয়ে দেখবে কমিটি।
যেহেতু জাতীয় গ্রিডে এ সমস্যার প্রাথমিক ধারণা অত্যন্ত ক্ষীণভাবে পরিলক্ষিত হচ্ছে, সেহেতু কমিটি, বিশেষ করে কারিগরি কমিটি বাংলাদেশ-ভারত আন্তদেশীয় সঞ্চালন লাইনের বাংলাদেশ অংশের পাশাপাশি ভারতীয় অংশেও কারণ খুঁজে দেখবে। লাইনের ওই অংশের বিস্তারিত তথ্য নিয়ে তা বিশ্লেষণের মাধ্যমে এই কারণ খোঁজা হবে বলে সূত্র জানায়। তবে ভারতের ইকোনমিক টাইমস জানায়, বাংলাদেশে শনিবারের বিদ্যুৎ বিপর্যয়ের ব্যাপারে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই বিপর্যয় ঘটেছে। ভারতের দিকে কোনো সমস্যা নেই।
পিজিসিআইএলের নির্বাহী পরিচালক (অপারেশন) আর পি সাসমল পিটিআইকে বলেন, ‘বাংলাদেশের সাবস্টেশনের সমস্যার কারণে ভারত থেকেও বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।’ তিনি বলেন, ‘আমরা আমাদের সাবস্টেশন পরীক্ষা করে দেখেছি। সেখানে কোনো সমস্যা নেই। বিতরণ লাইনেও সমস্যা নেই।’
বর্তমানে দুটি বিতরণ লাইনের মাধ্যমে প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করছে পিজিসিআইএল। গত বছরের শেষ দিকে এই সরবরাহ শুরু হয়।
গত শনিবারের ওই বিপর্যয়ের পর গঠিত দুটি কমিটির মধ্যে একটি প্রশাসনিক। আট সদস্যের এই কমিটির প্রধান হচ্ছেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউস। অন্যটি কারিগরি কমিটি। পাঁচ সদস্যের এই কমিটির প্রধান হচ্ছেন পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) তপন কুমার রায়।
তথ্যের উৎস হিসেবে কমিটি প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্রের স্বয়ংক্রিয় ‘ফল্ট রেকর্ডার’-এ সংরক্ষিত গ্রিড বিপর্যয়ের এক ঘণ্টা আগের ও এক ঘণ্টা পরের তথ্যাদি সংগ্রহ করছে। ওই যন্ত্রে বিমানের ‘ব্ল্যাক বক্স’-এর মতো প্রতি সেকেন্ডের সহস্রÊভাগের এ ভাগ সময়ের তথ্যও সন্নিবেশিত থাকে।
ভেড়ামারা এইচভিডিসির কর্মকর্তারা আমাদের কুষ্টিয়া প্রতিনিধিকে গতকাল বলেছেন, ওই কেন্দ্রের ফল্ট রেকর্ডারে কোনো ত্রুটির তথ্য পাওয়া যায়নি। তাঁরা গতকালই সেসব তথ্য ঢাকায় কমিটির কাছে পাঠিয়েছেন।
তবে সেখানকার কয়েকজন নিরাপত্তাকর্মী বলেছেন, গ্রিড বিপর্যয়ের কিছুক্ষণ আগে তাঁরা এইচভিডিসি এলাকায় অস্বাভাবিক শব্দ শুনেছেন। এইচভিডিসির যে প্রান্তে ভারতীয় লাইন সংযুক্ত হয়েছে, শব্দটি তাঁরা শুনেছেন সেই দিকে। ওই শব্দের পরই ভারতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং গ্রিড বিপর্যয় ঘটে। এ ঘটনা শনিবার বেলা ১১টা ২৭ মিনিটের। ওই দিন রাত সাড়ে ১০টার দিকেই ভারতের বিদ্যুৎ আসা শুরু হয়। প্রথমে ৫০ মেগাওয়াট। এরপর আধা ঘণ্টার মধ্যে তা ৪৩৩ মেগাওয়াটে পৌঁছে এবং গতকাল সারা দিনই তা অব্যাহত ছিল।
এ সম্পর্কে জানতে চাইলে পিডিবির সাবেক চেয়ারম্যান এস এ মঈদ প্রথম আলোকে বলেন, শনিবার রাতেই ভারত পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করায় সেখানকার লাইনে ত্রুটির ধারণাটি খুব জোরালোভাবে করা যায় না। তবে এমন হতে পারে যে শনিবার গ্রিড বিপর্যয়ের সময় জাতীয় গ্রিডে চাহিদা অনুযায়ী যে পরিমাণ বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা, তার চেয়ে বেশি এসেছিল।
এস এ মঈদ বলেন, এ রকম কখনো কখনো হতে পারে। তবে তা সামাল দেওয়ার জন্য ব্যবস্থাও আছে, যা সেদিন কাজ করেনি। ফলে সঞ্চালন লাইনে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ চলে আসায় সব বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের গতি কমে আসে এবং একটার পর একটা বন্ধ হয়ে যায়।
বিদ্যুতের কারিগরি পরিভাষায় এই অবস্থাকে বলা হয় ‘ক্যাসকেডিং ইফেক্ট’। এ রকম হলে বিদ্যুতের চাহিদা ও জাতীয় গ্রিডে সরবরাহের মধ্যকার ছন্দটা ভেঙে পড়ে। তখন বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বাড়িয়ে বা কমিয়ে পরিস্থিতি সামাল দিতে হয় জাতীয় লোড ডেসপাচ সেন্টারে কর্মরতদের। হয়তো সেদিন তা করার আগেই বিপর্যয় ঘটে গিয়েছিল।
পিজিসিবির একটি সূত্র বলেছে, ভেড়ামারা এইচভিডিসির বিদ্যুৎ গ্রহণ ও গ্রিডে সঞ্চালনের ক্ষমতা কাগজপত্রে ৫০০ মেগাওয়াট। কিন্তু সেখানে ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ভারত থেকে গ্রহণ করা গেলেও জাতীয় গ্রিডে সঞ্চালন করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। শনিবারও তেমন ঘটনাই ঘটে থাকতে পারে। কারণ, ওই সময় ভারত থেকে ৪৩৮ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়া হচ্ছিল।
এ বিষয়ে জানতে চাইলে পিজিসিবির পরিচালক তপন কুমার রায় প্রথম আলোকে বলেন, ভেড়ামারা এইচভিডিসি অন্যান্য উপকেন্দ্রের মতো নয়। এটা অনেকটা বিদ্যুৎকেন্দ্রের মতোই। এখানে যেটুকু বিদ্যুৎ গ্রহণ করা হবে, সেটুকুই জাতীয় গ্রিডে সঞ্চালন করা যাবে। এ ক্ষেত্রে কারিগরি কোনো সমস্যা নেই। তিনি বলেন, উপকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করার সময় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করে গ্রিডে সঞ্চালন করা হয়েছে, যদিও এর ক্ষমতা কাগজপত্রে ৫০০ মেগাওয়াট।
এই কেন্দ্রটির নির্মাতা প্রতিষ্ঠান জার্মানির সিমেন্স কোম্পানির স্থানীয় একটি সূত্র থেকেও তপন কুমার রায়ের বক্তব্যের সমর্থন পাওয়া গেছে।
পরিস্থিতি স্বাভাবিক: শনিবারের গ্রিড বিপর্যয়ের ফলে যে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটেছে। শনিবার রাতের মধ্যেই দেশের প্রায় সর্বত্র বিদ্যুৎ সরবরাহ চালু হয়। গতকাল রোববার সকালে বিদ্যুৎ ভবনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত আছে। বিদ্যুৎ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। শনিবারের ঘটনায় জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে বলা হয়, ওই পরিস্থিতিতে দেশবাসী যে ধৈর্যের পরিচয় দিয়েছে, তার জন্য কৃতজ্ঞ সরকার জনগণকে ধন্যবাদ জানিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।