কারণ ছাড়া হরতাল না দিতে তথ্যমন্ত্রীর আহ্বান
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কারণ ছাড়া কোনো হরতাল না দিতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এতে আপনার (খালেদা জিয়া) যেটুকু জনপ্রিয়তা আছে, তা নষ্ট হয়ে যেতে পারে।...মৌসুমি ফল আম-লিচু যেমন পচনশীল, ক্ষণস্থায়ী; তেমনি জনপ্রিয়তাও পচনশীল।’গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি সেখানে তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফের আয়োজনে ‘নিরাপদ মাতৃত্ব দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শর্তহীন সংলাপে সাড়া না দিয়ে রাজপথে উত্তেজনা ও সহিংসতা তৈরি করা বা অপরাধীদের মুক্তির দাবিতে হরতাল ডাকা, বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে বিপৎসংকেত।তথ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক সহিংসতা যেকোনো নারীর জন্য ঝুঁকিপূর্ণ। যুক্তি ছাড়া সহিংসতা এবং উল্টাপাল্টা হরতাল ডাকার মধ্য দিয়ে বহু মা বিপদের মধ্য পড়ে যাচ্ছেন। সেই বিপদ থেকে বাঁচানো সরকারের দায়িত্ব।’কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম হারুন অর রশীদ, কুষ্টিয়ার সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কুষ্টিয়া শাখার সভাপতি গোলাম মহসিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।