কোনো কারণ ছাড়াই বস্ত্র অধিদপ্তর প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নির্মাণকাজ শুরুর দিন এ ধরনের নির্দেশ আসায় নাটোরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, বস্ত্র অধিদপ্তরের আওতায় চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় সরকার গত অর্থবছরে (২০১১-২০১২) নাটোর শহরের রামাইগাছি মৌজায় একটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ওই সময় কাজ শুরু করা যায়নি। চলতি অর্থবছরে কাজ শুরু করার জন্য গত মার্চ মাসে আবারও দরপত্র আহ্বান করা হয়। দরপত্র যাচাইবাছাই শেষে গত ৫ জুলাই নাটোরের এমপিসি অ্যান্ড এমজি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই দিন সকালেই নির্মাণকাজ শুরুর উদ্যোগ নেয়। বিকেলে বস্ত্র অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. রফিকুল ইসলাম এক ফ্যাক্সবার্তায় টেক্সটাইল ইনস্টিটিউটটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ পাঠান। কিন্তু এতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওই বার্তা পাওয়ার পর গণপূর্ত অধিদপ্তর ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। গণপূর্ত অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের জন্য রামাইগাছি মৌজার মোহামঞ্চদ আলীসহ মোট ১৬ জনের কাছ থেকে তিন একর জায়গা সরকার হুকুম দখল করে। মোহামঞ্চদ আলীসহ বেশ কয়েকজন ইতিমধ্যে জমির মূল্য বাবদ টাকা নিয়েছেন। কিন্তু ফুলচাঁদ ও উমেঞ্চ সালেমা খাতুন হুকুম দখলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। মামলায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়নি। এর পরও কেন কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলো জানতে চাইলে নাটোর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ মোক্তার হোসেন দেওয়ান বলেন, ‘প্রকল্প পরিচালকের লিখিত নির্দেশে কাজ বন্ধ করেছি। তিনি বন্ধ করার কোনো কারণ উল্লেখ করেননি। তাই আমার পক্ষে বন্ধের কারণ বলা সম্ভব না।’প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম বলেন, জমির মালিকেরা কাজ করতে দিচ্ছেন না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মাহফুজুর রহমান দাবি করেন, জমির মালিকেরা তাঁদের কাজ করতে বাধা দিচ্ছেন না।নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, নাটোরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজে এই টেক্সটাইল ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তা বন্ধ করে দেওয়ায় তাঁরা হতাশ। জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ বলেন, মামলায় নির্মাণকাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো ঝামেলা এড়াতে কাজ বন্ধ করেছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।