কারণ জানতে গিয়ে গৃহবধূর বাবা-চাচাও হাসপাতালে
যৌতুকের দাবি মেটাতে না পারায় এক সন্তানের জননী জ্যোৎস্নার (২২) ওপর অমানুষিক নির্যাতনের খবর পেয়ে বাবা শাহজাহান মোল্যা ও চাচা আবু বক্কার গিয়েছিলেন জামাতার বাড়িতে। পরে জামাতা সুজাত শেখ (৩৪) তাঁদের দা দিয়ে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামে।এ ঘটনায় আহত জ্যোৎস্না এবং তাঁর বাবা ও চাচাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানায় সুজাত শেখসহ চারজনকে আসামি করে একটি এজাহার দিয়েছেন জ্যোৎস্নার বড় চাচা সেকেন মোল্লা।এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে রঘুনন্দনপুর গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে জ্যোৎস্নার সঙ্গে গোবিন্দপুর গ্রামের সেকেন শেখের ছেলে সুজাত শেখের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে জ্যোৎস্নার ওপর নির্যাতন করা হলে বেশ কয়েকবার সুজাত শেখকে টাকাও দেন শাহজাহান। গত কয়েক দিন আবার মোটা অঙ্কের যৌতুকের জন্য জ্যোৎস্নাকে চাপ দেন সুজাত। এ নিয়ে বৃহস্পতিবার জ্যোৎস্নার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে জ্যোৎস্নার বাবা ও চাচা সুজাতের বাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর জ্যোৎস্নার ওপর নির্যাতনের বিষয় নিয়ে তাঁদের সঙ্গে সুজাত ও তাঁর পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের ওপর দা, বঁটি নিয়ে হামলা চালান সুজাত ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় জ্যোৎস্নার বাবা ও চাচা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত জ্যোৎস্না, তাঁর বাবা ও চাচাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সুজাত শেখের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জনান, এ ব্যাপারে সুজাতসহ চারজনকে আসামি করে জ্যোৎস্নার চাচা সেকেন মোল্লা থানায় একটি মামলা করেছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।