কারণ জানতে চাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো বিদ্যালয়ে না আসার কারণ জানতে চাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমানের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার।
শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তার বিদ্যালয়ে সময়মতো আসেন না। বিদ্যালয়ের পাশেই বাড়ি হওয়ায় তিনি দাপট দেখান। অন্য দিনের মতো শনিবার তিনি বিদ্যালয়ে আসেন বেলা আড়াইটায়। প্রধান শিক্ষকের কক্ষে হাজিরা দিতে গিয়ে দেখেন, হাজিরা খাতায় তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে। এ সময় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান দেরিতে আসার কারণ জানতে চান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে বিষয়টি তাঁর স্বামী সাইদুর রহমানকে জানান। সাইদুর একটি দা নিয়ে বিদ্যালয়ে এসে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোখলেছুর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে দা দিয়ে প্রধান শিক্ষকের মাথায় ও কপালে কোপ দিয়ে রক্তাক্ত জখম করেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর আগেও ওই শিক্ষককে বিদ্যালয়ে সময়মতো উপস্থিত না থাকার কারণ জানতে চেয়ে একাধিকবার নোটিশ করা হয়েছিল।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় শিরিন আক্তার (২৮) ও তাঁর স্বামী সাইদুর রহমানকে আসামিকে করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান।