কারণ জানা যায়নি, স্ত্রীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কলেজশিক্ষকের লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শুক্রবার রাতে মামলা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কেও পুলিশ নিশ্চিত হতে পারেনি। নিহত শিক্ষকের স্ত্রী, মেয়েসহ চারজনকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাঁচলাইশ আরাকান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কের পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে কলেজশিক্ষক ইকবাল হোসেন চৌধুরীর (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নগরের পাহাড়তলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক। স্ত্রী ও এক মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নিহত শিক্ষকের স্ত্রী কলেজশিক্ষক রাজিয়া সুলতানা, একমাত্র মেয়ে আফিয়া ইকবাল, বাসার গৃহকর্মী হোসনে আরা বেগম ও স্ত্রীর বোনজামাই কলেজশিক্ষক মো. জাবেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। নিহত শিক্ষকের শরীরে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, এটি আত্মহত্যা নয়, হত্যা।

সহকারী কমিশনার বলেন, নিহত শিক্ষকের মেয়ের ভাষ্যমতে, বাসার দরজা ভাঙার পর ভেতরে ঢোকেন তিনি। কিন্তু বাসার ভেতরে থাকা লোক (হত্যাকারী) কীভাবে পালাল? মূল ফটক ছাড়া দরজা-জানালা সব ঠিকঠাক রয়েছে। রহস্য উদ্‌ঘাটনে শিক্ষকের পরিবারের মধ্যে দ্বন্দ্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

 গতকাল দুপুরে পাঁচলাইশ থানায় নিহত শিক্ষকের মেয়ে আফিয়া ইকবাল বলেন, তাঁর বাবাকে কীভাবে মারা হয়েছে তিনি জানেন না। তাঁর ধারণা, এটি আত্মহত্যা নয়, খুন।

নিহত শিক্ষকের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, সম্পত্তি নিয়ে তাঁদের পরিবারে কোনো বিরোধ নেই। তাঁর ভাই আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে গতকাল রাত ১০টার দিকে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন নিহত শিক্ষকের মেয়ে আফিয়া ইকবাল।