কারণ দর্শাও, গুদাম সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফ কার্ডের চাল ওজনে কম দেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পরিষদ কমপ্লেক্সের গুদামও সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার চাল বিতরণস্থলে উপস্থিত হয়ে ওজনে কম দেওয়ার হাতেনাতে প্রমাণ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা এসব পদক্ষেপ নেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ডমুরুয়াসহ বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডির চাল বিতরণকালে দুস্থদের ওজনে কম দেওয়ার অভিযোগ শোনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করে। গতকাল শনিবার সকালে এমন একটি অভিযোগ আসে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন এলাকা থেকে।ইউএনও প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পদক্ষেপ হিসেবে চেয়ারম্যানকে শোকজ এবং গুদামে সিলগালা করে দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগির তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’চেয়ারম্যান অলিউর রহমান ওজনে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সরকারি গুদাম থেকে চালের যে বস্তা আনেন, তাতে এমনিতেই কম থাকে। তাই জনপ্রতি আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত কম দেওয়া হয়, এর বেশি কিছু নয়। নির্বাচনকে সামনে রেখে তাঁকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য একটি মহল ওইসব প্রচারণা চালাচ্ছে।